জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী জাতীয় নির্বাচন নিয়ে এ কাউন্সিলে দিক নির্দেশনা দেবেন দলের সভাপতি শেখ হাসিনা। পাশাপাশি, দলের যে ঘোষণাপত্র গৃহীত হবে, তার আলোকেই নির্বাচনের ইশতেহার তৈরি করবে দলটি।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর পর জাতীয় সম্মেলন করার বিধান রয়েছে। সেই ধারায় আগামী শনিবার অনুষ্ঠিত হবে দলের ২২ তম জাতীয় সম্মেলন। রাজপথে বিরোধীদের আন্দোলন মোকাবিলা ও জাতীয় নির্বাচন সামনে রেখে এবারের সম্মেলনকে গুরত্বপূর্ণ বলছেন নেতা-কর্মীরা।
ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারের সমাবেশে নৌকার পক্ষে জনগণের কাছে ভোট চেয়েছেন। নির্বাচনে শক্তি বাড়াতে সম্প্রতি ক্ষমা করা হয়েছে দলের শতাধিক বিদ্রোহী নেতাকে। দলের নীতি নির্ধারকরা বলছেন সবার অংশগ্রহণে নির্বাচন হবে এবার। কাউন্সিলে এমন নির্দেশনাই আসছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতীয় কাউন্সিলে গৃহীত ঘোষণাপত্র অনুযায়ীই নির্বাচনের ইশতেহার তৈরি করবে আওয়ামী লীগ। এতে প্রাধান্য পাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। তার রূপরেখা ও বিশদ ব্যাখ্যাও থাকবে ঘোষণাপত্রে।
কাউন্সিলের প্রথম অধিবেশনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন দলের সভাপতি শেখ হাসিনা। দলের অভ্যন্তরীন বিরোধ ভুলে গিয়ে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ার ওপর জোর দেবেন তিনি, বলছেন নীতি নির্ধারকেরা। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নির্বাচিত হবেন দলের পরবর্তী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
/কা.বি./