দৈনন্দিন প্রয়োজনে তাৎক্ষণিক বার্তা প্রেরণ বা ইন্সট্যান্স মেসেজিং-এর বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে থাকি। ব্যক্তিগত কাজের পাশাপাশি পেশাগত কাজেও প্রতিদিনই আমাদেরকে ব্যবহার করতে হয় এই অ্যাপ্লিকেশনগুলো। ডিজিটাল মিডিয়ামে যোগাযোগের অত্যন্ত জনপ্রিয় একটি টুল হচ্ছে হোয়াটসঅ্যাপ। টেক্সট মেসেজ থেকে শুরু করে, ভিডিও, অডিও ও টেক্সট ফাইলও আমরা আদানপ্রদান করে থাকি মেটার মালিকানাধীন এই অ্যাপটির মাধ্যমে। সারা বিশ্বে দুই বিলিয়ন বা ২০০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।
আজকে এই পোস্টে আমরা হোয়াটসঅ্যাপের খুবই সহজ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি টিপস নিয়ে আলোচনা করবো। ধরুন আপনি খুব গুরুত্বপূর্ণ একটি ফাইল হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন, যাতে করে চাইলেই যেকোনো সময় আপনি সেটা ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন? আপনি হয়তো ভাবছেন, ‘এতো খুবই সহজ। ফাইলটি আমি আমার হোয়াটসঅ্যাপ কন্টাক্টে থাকা কোন বন্ধু বা পরিবারের সদস্যকে পাঠিয়ে রাখবো এবং যখন প্রয়োজন হবে সেটা ব্যবহার করবো।’
হ্যাঁ, এটা আপনি করতেই পারেন। কিন্তু এখানে সমস্যা দুটো। প্রথমত, ফাইলটি যদি খুবই ব্যক্তিগত বা সংবেদনশীল হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন না সেটা কারও সাথে শেয়ার করতে। দ্বিতীয়ত, আপনি যার সাথে এভাবে ব্যক্তিগত ফাইল শেয়ার করবেন সে ব্যক্তির কাছেও বিষয়টি এক সময় বিরক্তির কারণ হয়ে উঠতে পারে।
তবে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে নিজের অ্যাকাউন্টেই প্রয়োজনীয় ফাইল শেয়ার করে রাখতে পারেন। সেজন্য প্রথমেই আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যে ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে সেই ফোন নাম্বারটিকে আপনার ফোনের কন্টাক্ট বুকে সেইভ করতে হবে। তারপর আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে উপরে সার্চ বক্সে যে নামে আপনি ফোন নাম্বারটি সেইভ করেছেন সেটি দিয়ে সার্চ করতে হবে।
ব্যস, আপনি পেয়ে যাবেন আপনার নিজের ফোন নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি, যার পাশে ব্র্যাকেটে লেখা থাকবে ইউ (You)। অর্থাৎ, ফোন নাম্বারটি যদি আপনি ‘Moinul’ নামে সেইভ করে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপে ‘Moinul (You)’ দেখতে পাবেন আপনি।
এবার আপনি ইচ্ছেমতো যেকোনো টেক্সট, ভয়েজ, অডিও বা ভিডিও ফাইল শেয়ার করে রাখতে পারেন নিজের অ্যাকাউন্টেই এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সেটা এক্সেসও করতে পারেন।