চীনের এআই স্টার্টআপ ডিপসিক এবার আগের চেয়ে আরও উন্নত এআই মডেল নিয়ে হাজির হয়েছে। আজ বৃহস্পতিবার ডিপসিক তাঁদের ফ্ল্যাগশিপ এআই মডেল ভি৩ (ভিথ্রি)-এর উন্নত একটি সংস্করণ উন্মুক্ত করেছে। নতুন মডেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে এটি চীনে তৈরি চিপের সাথে ভালোভাবে কাজ করতে পারে। পাশাপাশি ব্যবহারকারীদের নির্দেশ (কমান্ড) প্রক্রিয়াকরণেও (প্রসেসিং) আরও দ্রুতগতিতে কাজ করতে সক্ষম ভি৩ মডেলের নতুন সংস্করণটি।
চীনের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে উৎপাদিত চিপগুলোকে কাজে লাগিয়ে আমেরিকান চিপের ওপর নির্ভরশীলতা কমানোর জন্যই ডিপসিক নতুন এআই মডেলটিকে স্থানীয় চিপের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে।
উল্লেখ্য, চীন-মার্কিন বাণিজ্য দ্বৈরথের প্রেক্ষাপটে উন্নতমানের চিপ তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হতে চাইছে চীন। চিপ রপ্তানিতে মার্কিন প্রশাসনের আরোপিত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তাঁদেরকে। আর তাই সরকারের সরাসরি সহযোগিতায় চীনে গড়ে উঠেছে বিশাল সেমিকনডাকটর ইকোসিস্টেম। এক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে, দীর্ঘমেয়াদে আমেরিকার চিপ প্রযুক্তির জায়গা নিতে পারে এমন প্রযুক্তি সক্ষমতা অর্জন করা। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে চীনের সরকার ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
আজ চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাটে ডিপসিক জানিয়েছে যে, তাঁদের ডিপসিক-ভি৩.১ মডেলের নির্দিষ্ট একটি ফরম্যাট চীনে তৈরি আসন্ন নতুন প্রজন্মের চিপ ব্যবহারের জন্য উপযোগী। তবে নির্দিষ্ট করে চীনের কোন মডেলের চিপ সাপোর্ট করবে ভি৩-এর নতুন সংস্করণ, তা জানায়নি ডিপসিক।
ডিপসিক-ভি৩.১ মডেলের আরেকটি ফিচার হচ্ছে এফপি৮ বা ৮-বিট ফ্লোটিং পয়েন্ট। এফপি৮ ডেটা প্রসেসিং ফরম্যাটের সাপোর্ট আছে এমন এআই মডেলগুলো আরও কার্যকরভাবে কাজ করতে পারে এবং এগুলো তুলনামূলকভাবে কম মেমোরি সক্ষমতায় আরও দ্রুতগতিতে কাজ করতে পারে।
হাইব্রিড (মিশ্র) ইনটারফেস স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ডিপসিক-ভি৩.১ মডেলটিতে। এর ফলে রিজনিং ও নন-রিজনিং উভয় মোডেই কাজ করতে পারবে এটি। ডিপসিকের অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপে ‘ডিপ থিংকিং’ নামক বাটনের মাধ্যমে এক মোড থেকে অন্য মোডে টোগল করতে পারবেন ব্যবহারকারীরা। উল্লেখ্য, ওয়েব ও অ্যাপ্লিকেশন উভয় প্ল্যাটফর্মেই অ্যাক্সেস করা যাবে ডিপসিক-ভি৩.১ মডেলটি।
চলতি বছরের শুরুতে প্রযুক্তি বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল ডিপসিক। তাঁদের আর১ ও ভি৩ মডেল দুটি অতি স্বল্প খরচে তৈরি হলেও সক্ষমতার দিক থেকে চ্যাটজিপিটি’র মতো উন্নত এআই টুলের সাথে এগুলোকে তুলনা করা যায়। শুধু তাই নয়, আর১ ও ভি৩ মডেল দুটির অপারেশনাল খরচও নগণ্য।
আর১ ও ভি৩ এআই মডেলের উন্নত সংস্করণ অবশ্য এর আগেও এনেছে ডিপসিক। গত মার্চে ভি৩ এবং মে মাসে আর১ মডেলের উন্নত (আপডেটেড) সংস্করণ পেয়েছেন ডিপসিক ব্যবহারকারীরা। এবারে ভি৩ মডেলটির আরও উন্নত একটি ভার্সন রিলিজ করল চীনা প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: রয়টার্স