আলিবাবা নিয়ে এল শক্তিশালী এআই মডেল ‘কোয়েন৩-ম্যাক্স’

চীনের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা তাঁদের এযাবৎতকালের সবচেয়ে উন্নত এআই মডেল ‘কোয়েন৩-ম্যাক্স’ নিয়ে হাজির হয়েছে। ১ ট্রিলিয়ন প্যারামিটার ও ৩৬ ট্রিলিয়ন টোকেন দিয়ে প্রশিক্ষিত এই মডেলটি ইতোমধ্যেই বেশ কয়েকটি পরীক্ষায় ডিপসিক ও জিপিটি-৫ এর চেয়েও শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে।

সম্প্রতি (২৪ সেপ্টেম্বর) আলিবাবা’র ২০২৫ আপসারা কনফারেন্সে উন্মোচিত হয়েছে উচ্চ সক্ষমতার ‘কোয়েন৩-ম্যাক্স’ এআই মডেলটি। উল্লেখ্য, আলিবাবা ক্লাউড ইতোমধ্যেই কোয়েন সিরিজের একাধিক লার্জ ল্যাংগুয়েজ মডেল বা এলএলএম বাজারে এনেছে, যেগুলো প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবায় ব্যবহৃত হচ্ছে।

সম্প্রতি কোয়েন-এর একটি ব্লগ পোস্ট থেকে আলিবাবা’র নতুন উন্মোচিত এআই মডেল সম্পর্কে বিস্তারিত জানা গেছে। সাধারণ জ্ঞান, যুক্তি, কোডিং, নির্দেশনা অনুসরণ ও বহুভাষায় ফলাফল তৈরির ক্ষেত্রে ‘কোয়েন৩-ম্যাক্স’ মডেলটি বিভিন্ন বেঞ্চমার্ক পরীক্ষাগুলোতে জিপিটি-৫, ক্লদ ও ডিপসিকের মতো উন্নত এআই মডেলগুলোকেও কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। 

অর্থাৎ, বিভিন্ন মানদণ্ডে সবচেয়ে ভালো বা ‘স্টেট-অফ-দ্য-আর্ট’ ফলাফল জেনারেট করতে সক্ষম হয়েছে আলিবাবা’র কোয়েন সিরিজের এই মডেলটি। 

‘কোয়েন৩-ম্যাক্স’ মডেলটির ভিন্ন একটি সংস্করণ হচ্ছে কোয়েন৩-ম্যাক্স-ইনস্ট্রাক্ট, যার একটি প্রিভিউ ভার্সন ইতোমধ্যেই জনপ্রিয় বেঞ্চমার্ক টেক্সট এরিনা লিডারবোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছে। উল্লেখ্য, এই বেঞ্চমার্কে কয়েকটি পরীক্ষায় এটি এমনকি ওপেনএআই’র তৈরি জিটিপি-৫-চ্যাট মডেলকেও পেছনে ফেলেছে।

কোডিং সম্পর্কিত কাজের বেঞ্চমার্ক এসডব্লিউই-বেঞ্চ ভেরিফায়েড-এ ‘কোয়েন৩-ম্যাক্স’ মডেলটি ৬৯.৬ স্কোর অর্জন করেছে। অন্যদিকে, একটি এআই মডেল কতটা ভালোভাবে বিভিন্ন টুল ব্যবহার করতে পারে তা যাচাই করার টাউ২-বেঞ্চ পরীক্ষায় ৭৪.৮ স্কোর নিয়ে আলিবাবা’র কোয়েন৩-ম্যাক্স-ইনস্ট্রাক্ট ছাড়িয়ে গেছে ক্লদ ওপাস ৪ এবং ডিপসিক ভি৩.১ মডেল দুটিকে।

এখানেই শেষ নয়। কোয়েন৩-ম্যাক্স সিস্টেমের অন্য একটি সংস্করণ হচ্ছে কোয়েন৩-ম্যাক্স-থিংকিং, যেটি এখনও প্রশিক্ষণের অধীন আছে। তবে এরই মধ্যে এই মডেলটি জটিল গাণিতিক যুক্তি পরীক্ষার বেঞ্চমার্ক- এআইএমই ২৫ ও এইচএমএমটি-তে পূর্ণ স্কোর অর্জন করেছে।

উল্লেখ্য, কোয়েন৩-ম্যাক্স মডেলটি বর্তমানে আলিবাবা ক্লাউড-এর মডেল স্টুডিও এপিআই এবং কোয়েন চ্যাট-এ ব্যবহারের জন্য উন্মুক্ত রয়েছে।

নতুন এই মডেলটির পাশাপাশি আলিবাবা নতুন একটি মাল্টিমোডাল মডেলও চালু করেছে যার নাম কোয়েন৩-অমনি। এই মডেলটি মূলত স্মার্ট গ্লাস এবং ইন্টেলিজেন্ট ভেহিকল ককপিট-এর মতো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তিভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা হয়েছে।

২০২৫ আপসারা কনফারেন্সে আলিবাবা গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) য়ু ইয়ংমিং বলেন, ‘জেনারেটিভ এআই প্রযুক্তির বছর ২০২২-এর তুলনায় আলিবাবা ক্লাউড-এর বৈশ্বিক ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ ব্যবহারের মাত্রা ২০৩২ সালের মধ্যে দশ গুণ বাড়বে বলে অনুমান করা হচ্ছে।’

একে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ দাবি করে তিনি জানিয়েছেন যে, এআই শিল্পের সার্বিক বিকাশে এবং সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে ব্যাপক আকারে বিনিয়োগ অব্যাহত রাখবে আলিবাবা।

আলিবাবা’র বার্ষিক ইভেন্ট আপসারা কনফারেন্সে এআই মডেলের পাশাপাশি তুলে ধরা হয়েছে তাঁদের বিভিন্ন অবকাঠামো, প্ল্যাটফর্ম, ও অ্যাপ্লিকেশন। ভাষা, স্পিচ, ভিশন, মাল্টিমোডাল অ্যাপ্লিকেশন এবং কোডিং মডেলসহ বিভিন্ন ক্ষেত্রের সাতটি বড় মডেল পণ্যও উন্মোচিত হয়েছে তিন দিনব্যাপী এই ইভেন্টে।

উল্লেখ্য, এআই প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চাইছে আলিবাবা। এ লক্ষ্যে আগামী তিন বছরে এআই পরিকাঠামো নির্মাণে ৩৮০ বিলিয়ন ইউয়ান অর্থাৎ ৫৩.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে বছরের শুরুতেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: রয়টার্স