ট্রাম্পের মামলার নিষ্পত্তিতে ৩০০ কোটি টাকা দেবে ইউটিউব

ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামালার নিষ্পত্তিতে ২৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদানে সম্মত হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। বাংলাদেশী মুদ্রায় অর্থের অংকটা ২ কোটি ৯৮ লাখ টাকার বেশি। গতকাল সোমবার আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে মার্কিন ক্যাপিটল দাঙ্গার প্রেক্ষাপটে সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে ইউটিউব। তারiই পরিপ্রেক্ষিতে সে বছরের জুলাই মাসে ট্রাম্প ইউটিউবের বিরুদ্ধে রক্ষণশীলদের মতামত বেআইনিভাবে দমনের অভিযোগে আদালতে মামলা করেন। 

এই মামলার নিষ্পত্তিতেই এবার ২৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব। 

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসে ক্যাপিটল হিল দাঙ্গার পর ইউটিউবের পাশাপাশি আরও দুটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ও টুইটার (বর্তমানে এক্স) থেকেও ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়। মেটা’র মালিকানাধীন ফেসবুক থেকে ২ বছরের জন্য এবং টুইটার থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হন তিনি। 

এই প্রেক্ষাপটে ২০২১ সালের জুলাই-তে ইউটিউবসহ মেটা ও টুইটারের (বর্তমানে এক্স) বিরুদ্ধে অন্যায়ভাবে রক্ষণশীল মতামত দাবিয়ে রাখার অভিযোগ দায়ের করেন ট্রাম্প। মামালায় অভিযুক্ত ছিলেন প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা কর্মকর্তারাও। চলতি বছরের শুরুতেই মেটা ও এক্স মামলার নিস্পতিতে অর্থ প্রদানে সম্মত হয়।

এবারে মামালা নিষ্পত্তিতে রাজি হয়েছে ইউটিউব। নিষ্পত্তির চুক্তিতে প্রতিশ্রুত ২৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ২২ মিলিয়ন ডলার ট্রাম্পের পক্ষ থেকে ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল-কে প্রদান করা হবে। আদালতে দাখিল করা নথি অনুসারে, এই অলাভজনক সংস্থাটি হোয়াইট হাউজে ট্রাম্পের উদ্যোগে নির্মাণাধীন ২০০ মিলিয়ন ডলারের একটি বলরুম তৈরির কাজে নিয়োজিত। 

৯০ হাজার বর্গফুটের এই স্থাপনার কাজ ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের মধ্যেই শেষ হওয়ার কথা। ইউটিউবের প্রতিশ্রুত বাকি অর্থ পাবে মামালার অন্যান্য বাদীরা, যার মধ্যে রয়েছে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন এবং মার্কিন লেখক নাওমি উলফ। উল্লেখ্য, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স-এর পৃষ্ঠপোষকতা করে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন। 

মামলার নিষ্পত্তিতে অর্থ প্রদানে সম্মত হলেও ইউটিউব কোনো প্রকার অন্যায় করেছে বলে স্বীকার করেনি নিষ্পত্তির চুক্তিতে। পাশাপাশি এই চুক্তির অধীনে তাঁরা তাঁদের কোনো পণ্য বা নীতিতে পরিবর্তন আনবে না। 

উল্লেখ্য, ২০২১ সালে ক্যাপিটল দাঙ্গার পর ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ হয়নি, শুধুমাত্র নতুন ভিডিও আপলোডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে এ নিষেধাজ্ঞাও তুলে নেয় ইউটিউব। 

ট্রাম্পের করা একই প্রকারের মামালার নিষ্পত্তিতে এ বছরের জানুয়ারিতে মেটা ২৫ মিলিয়ন এবং ফেব্রুয়ারিতে এক্স (পূর্বের টুইটার) ১০ মিলিয়ন ডলার প্রদানে রাজি হয়। মেটার প্রতিশ্রুত অর্থের মধ্যে ২২ মিলিয়ন ডলার ফ্লোরিডার মায়ামিতে ট্রাম্পের আসন্ন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তহবিলের জন্য বরাদ্দ করা হয়।

তথ্যসূত্র: রয়টার্স