সম্প্রতি প্রথমবারের মতো পুরোপুরি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের গণশুনানি। এক্ষেত্রে ভার্চুয়াল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে দেশীয় অ্যাপ কনভে। দেশের প্রযুক্তিখাতে বিষয়টি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজধানীর বিটিআরসি ভবন থেকে পরিচালিত এই শুনানিতে কনভে অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে অসংখ্য মানুষ অংশগ্রহণ করে। শুনানিতে তারা মোবাইল নেটওয়ার্কের মান, কলড্রপ, ইন্টারনেটের গতির স্থিতিশীলতা, ভ্যালু অ্যাডেড সার্ভিস, অবাঞ্ছিত প্রচারণামূলক এসএমএস, ডেটার মূল্য কাঠামো, গ্রাহকসেবার জটিলতা এবং গ্রামীণ ও শহরের মধ্যে বিদ্যমান নেটওয়ার্ক বৈষম্যসহ নানা অভিযোগ ও মতামত তুলে ধরেন।
নীতি-নির্ধারণী ও খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় প্ল্যাটফর্মে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত এই গণশুনানি বড় সরকারি সভা, জনপরামর্শ ও নীতি–সংলাপ নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজনের নতুন এক মানদণ্ড। এর ফলে ডেটা সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে এবং নাগরিক অংশগ্রহণ ব্যাপকভাবে বেড়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে কনভে অ্যাপের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় জি২০ এর সিডসসা ২০২৫ এর মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক সরকারি সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এর আগে দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ভার্চুয়াল প্ল্যাটফর্ম কনভে’তে।
জাতীয় জলবায়ু অর্থায়ন বিষয়ক সম্মেলনেও অনলাইন অংশীদার হিসেবে ব্যবহার করা হয়েছে কনভে অ্যাপ, যেখানে অংশগ্রহণকারীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। এছাড়া জাতীয়-আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সভা-সেমিনার ও ওয়ার্কশপ প্রায়শই অনুষ্ঠিত হচ্ছে কনভে প্ল্যাটফর্মে।
গণশুনানিতে সভাপতিত্ব করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক এবং পরিচালনা করেন লিগ্যাল ও লাইসেন্সিং এবং স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক। আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধি, মোবাইল অপারেটর, আইএসপিসহ বিভিন্ন সংগঠনের নেতা, কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।
গণশুনানি শুরুর ৩০ মিনিট আগে কনভের লিংক উন্মুক্ত করা হয়। নিবন্ধন করলেই যে কেউ নির্ধারিত সময়ে সেশনে যোগ দিতে পেরেছেন। ফলে রাজধানীমুখী আয়োজনের বাইরে সারাদেশের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বিটিআরসির সংশ্লিষ্ট সদস্যরা তাৎক্ষণিকভাবে অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাব দেন। সব মন্তব্য ও অভিযোগ ভবিষ্যৎ নীতিনির্ধারণে বিবেচনার জন্য নথিভুক্ত করা হয়।
বিটিআরসির লিগ্যাল ও লাইসেন্সিং এবং স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক শুনানি’তে জানান, দেশীয় প্ল্যাটফর্ম কনভেতে প্রথমবারের মতো পুরোপুরি অনলাইনে জাতীয় এই গণশুনানি সফলভাবে সম্পন্ন হয়েছে। নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, এবারের গণশুনানিতে অংশগ্রহণের কোনো লিমিট ছিল না। দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম কনভেতে এসব অনেক সুবিধা রয়েছে।
আয়োজকরা ও অংশগ্রহণকারীরা জানান, পুরো সেশনজুড়ে কনভের অডিও ভিডিও সংযোগ ছিল অত্যন্ত স্থিতিশীল। স্পিকার নির্বাচন, কিউ ম্যানেজমেন্ট, মাইক্রোফোন নিয়ন্ত্রণ, সময় ব্যবস্থাপনা, স্ক্রিন শেয়ারিং ও রেকর্ডিং, সব কার্যক্রম একই প্ল্যাটফর্মে নির্বিঘ্নে পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানটি রেকর্ড করে রাখা হয়েছে। কনভের কল্যাণে সফলভাবে শেষ হয় শুনানি।
প্রযুক্তিবিদদের মতে, জুম ও গুগল মিটের প্রতিযোগী হয়ে ওঠার সক্ষমতা রয়েছে কনভে অ্যাপের। প্ল্যাটফর্মটি ইতোমধ্যে আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে।