৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ছাঁটাইয়ের সংখ্যা মাইক্রোসফটের মোট কর্মীর ২ দশমিক ১ শতাংশ। খবর রয়টার্সের।
বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগ করছে। এ বছর এই খাতে সবমিলিয়ে বিনিয়োগ ৭০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। এতে কোম্পানিগুলোর ওপর মুনাফা ধরে রাখা এবং প্রয়োজনীয় ব্যয় মেটানোর চাপ বেড়েছে। অ্যামাজন ও মেটা এ বছর হাজারো কর্মী ছাঁটাই করেছে।
দীর্ঘ সময়ের মন্দার পর মাইক্রোসফট সোমবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। ২০২২ সালের পর বছরের প্রথমার্ধে এটিই মাইক্রোসফটের সবচেয়ে দুর্বল পারফরম্যান্স।
মাইক্রোসফট জানিয়েছে, বর্তমানে এআই অবকাঠামোয় বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়ানো হচ্ছে।
এর আগে, বছরের শুরুতে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৭ শতাংশ বা প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল। নতুন অর্থবছরের ব্যয় পরিকল্পনা নির্ধারণের সময় প্রতিষ্ঠানটি প্রায়ই জুন মাসে কর্মী ছাঁটাই করে থাকে।
এআইয়ের ক্রমবর্ধমান চাহিদা মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং ব্যবসার প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। গত এপ্রিল পর্যন্ত ওপেনএআই এই খাতে একক বিক্রেতা ছিল। তবে এ ধরনের সেবা পরিচালনার জন্য ডেটা সেন্টার নির্মাণে বিপুল ব্যয় করতে হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটির নগদ প্রবাহের ওপর চাপ সৃষ্টি হয়েছে।