দেশে টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা

প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়েছে।

টেকনোর ভাষ্য, তাদের ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান সামনে এগিয়ে যাওয়ার যে মানসিকতার কথা বলে, হামজা চৌধুরীর পথচলার সঙ্গে তার মিল রয়েছে। পেশাদার ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের পর দেশের ফুটবলপ্রেমীদের কাছে তিনি জনপ্রিয় এক নাম হয়ে উঠেছেন।

এদিকে দেশের ফুটবল ঘিরে গুরুত্বপূর্ণ সময়ে এই ঘোষণা দিল টেকনো। প্রতিষ্ঠানটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে দেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা আরও বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, ‘হামজার মধ্যে আমরা যে উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখি, তা টেকনোর “স্টপ অ্যাট নাথিং” দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সামনে সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরেও আমরা ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে চাই।’

এই অংশীদারত্বের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রচারণায় অংশ নেবেন হামজা চৌধুরী। আসন্ন ক্যামন সিরিজের প্রচারের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, ফ্যান অ্যাক্টিভেশন এবং বিভিন্ন ভোক্তা কার্যক্রমেও তাকে দেখা যাবে।

টেকনো জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং সুবিধাকে সামনে রেখে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং ভক্তদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ার বিষয়ে হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অসাধারণ। টেকনো বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সামনে ভক্তদের জন্য একসঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।’

টেকনো জানিয়েছে, আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন, ফুটবলভিত্তিক কনটেন্ট ও ফ্যান অ্যাক্টিভেশন আয়োজন করা হবে। এর মাধ্যমে মাঠের খেলা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সব জায়গায় ফুটবলপ্রেমীদের আরও কাছে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি।