ইন্সটাগ্রামে আসছে ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে আগামী মাসেই যুক্ত হতে যাচ্ছে নতুন ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’। সম্প্রতি প্ল্যাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরি নিজের থ্রেডস অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক ভিডিও বার্তায় নতুন এই অ্যাপটির আগমনের কথা জানিয়েছেন। শুধু তাই নয়, বিনামূল্যে ব্যবহারের এই অ্যাপটিকে মোসেরি ‘ক্রিয়েটিভ টুলসের’ এক সমাবেশ (স্যুট) নামে আখ্যা দিয়েছেন।

গত ১৯ জানুয়ারি আমেরিকা’তে টিকটক নিষিদ্ধ হওয়ার দিনই মোসেরি ইন্সটাগ্রামের নতুন এই ভিডিও এডিটিং অ্যাপটি নিয়ে আসার কথা ঘোষণা দেন। বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ অনেকেই ধারণা করছেন আমেরিকান টিকটকারদের ইন্সটাগ্রামমুখী করতেই তড়িঘড়ি করে ‘এডিটস’ অ্যাপটির ঘোষণা দেওয়া হয়েছে। এমন ধারণার পেছনে অবশ্য কারণও রয়েছে। 

ফিচারের দিক থেকে ইন্সটাগ্রামের ‘এডিটস’ অ্যাপটির মিল রয়েছে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের। উল্লেখ্য, টিকটকের মতো ক্যাপকাটের মালিক প্রতিষ্ঠানও চীনের বাইটড্যান্স। ফলে আমেরিকার বাজারে ক্যাপকাটের উপরও ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। আর সে কারণেই ক্যাপকাটের জায়গা নিতে পারে এমন একটি অ্যাপ নিয়ে আসতে চাইছে ইন্সটাগ্রাম। যদিও এই মুহূর্তে টিকটক ও ক্যাপকাট দুটোই আমেরিকায় ব্যবহার করা যাচ্ছে, তবে ডোনাল্ড ট্রাম্পের দেশে এই দুটো অ্যাপের ভাগ্য নির্ধারিত হবে আগামী ৭৫ দিনের মধ্যে। 

অ্যাপল অ্যাপস্টোরে বর্তমানে ইন্সটাগ্রাম এডিটস অ্যাপটি প্রিঅর্ডার করা যাচ্ছে। ছবিসূত্র: অ্যাপল অ্যাপস্টোরএডিটস অ্যাপটিকে আর দশটি ভিডিও এডিটিং অ্যাপ থেকেও বেশি কিছু মনে করেন মোসেরি। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন যে, নতুন এই অ্যাপটিতে থাকবে একাধিক ট্যাব- একটি ইন্সপিরেশনের জন্য, একটি অডিও’র জন্য এবং আরও একটি থাকবে আইডিয়া ট্র্যাক করার জন্য। এছাড়া এতে থাকবে উন্নত মানের ক্যামেরা এবং ফোন ভিত্তিক ভিডিও এডিটিং অ্যাপের যাবতীয় ফিচার যেমন রেজোলিউশন, ফ্রেমরেট ও ডায়নামিক রেঞ্জ সেটিংস, ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করার সুবিধা, ফন্ট, ফিল্টার ইত্যাদি। এই অ্যাপটি নিজে নিজেই ক্যাপশনও জেনারেট করতে পারবে। 

মোসেরি জানিয়েছেন যে, এডিটস অ্যাপটির ক্যামেরা ব্যবহার করেই ভিডিও বার্তাটি তিনি রেকর্ড করেছেন। তিনি আরও বলেন যে, এই অ্যাপটির মাধ্যমে বন্ধু ও অন্যান্য ক্রিয়েটরদের সাথে ড্রাফট ভিডিও শেয়ার করতে পারবেন তিনি।

এডিটস অ্যাপটি ইতোমধ্যেই প্রিঅর্ডার করা যাচ্ছে অ্যাপলের অ্যাপস্টোরে এবং অচিরেই এটি অ্যান্ড্রয়েড ডিভাইসেও ব্যবহার করা যাবে। মোসেরি বলছেন, ইন্সটাগ্রামের নতুন এই ভিডিও এডিটিং অ্যাপটি আগামী মাসের (ফেব্রুয়ারি) আগে ডাউনলোড করা যাবে না। সে হিসেবে ফেব্রুয়ারিতেই এটি ব্যবহারের জন্য উন্মুক্ত হওয়ার কথা। তবে অ্যাপলের অ্যাপস্টোর বলছে, এডিটস অ্যাপটি মার্চের ১৩ তারিখ থেকে ডাউনলোড করা যাবে। 

তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল (৯টু৫গুগল), ম্যাশেবল, ডিপি রিভিউ