সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম তাঁদের জনপ্রিয় ফিচার রিলসের জন্য আলাদা একটি অ্যাপ নিয়ে আসার কথা ভাবছে বলে জানা গেছে। ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি অ্যাপটির কয়েকজন কর্মীকে এমনটা বলেছেন দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি খাতের ব্যবসাবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন। রিলসের জন্য স্বতন্ত্র একটি অ্যাপের বিষয়ে মোসেরিকে বলতে শুনেছেন এমন একটি ব্যক্তিরও উল্লেখ আছে প্রতিবেদনটিতে।
ইন্সটাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের (শর্ট-ফর্ম) ভিডিও শেয়ারিং টুল ‘রিলস’। তাই রিলস-কে প্রাধান্য দিয়ে ইন্সটাগ্রাম যদি নতুন একটি অ্যাপ তৈরি করে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু প্রযুক্তি বিশ্লেষকদের অনেকেরই ধারণা, ইন্সটাগ্রাম মূলত আমেরিকার বাজারে নিষেধাজ্ঞার ঝুঁকিতে টিকটক অ্যাপটির ব্যবহারকারীদের আকৃষ্ট করতেই নতুন অ্যাপ নিয়ে আসতে পারে।
উল্লেখ্য, আমেরিকায় নিষেধাজ্ঞার ঝুঁকি এখনও কাটিয়ে উঠতে পারেনি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। অ্যাপটি যদি আমেরিকায় সত্যিই নিষিদ্ধ হয় তাহলে এর ১৭ কোটি আমেরিকান ব্যবহারকারীকে বিকল্প কোনো প্ল্যাটফর্ম খুঁজে নিতে হবে। আর এই সুযোগটি কাজে লাগাতেই প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পরিকল্পনা করছে। রিলসের জন্য ইন্সটাগ্রামের আলাদা অ্যাপ তৈরির বিষয়টিও এমনই এক পরিকল্পনার অংশ বলেই ধারণা অনেকের।
আমেরিকায় নিষেধাজ্ঞা এড়াতে একটিই রাস্তা খোলা রয়েছে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপ টিকটকের সামনে। আগামী ৫ এপ্রিলের মধ্যে বাইটড্যান্সকে টিকটকের আমেরিকা অপারেশনের অন্তত ৫০ শতাংশের মালিকানা বিক্রি করে দিতে হবে আমেরিকান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে গত মাসেই টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ৭৫ দিন বৃদ্ধি করেছেন, এবং বাইটড্যান্সকে নিষেধাজ্ঞা এড়াতে ৫০-৫০ জয়েন্ট ভেঞ্চারের প্রস্তাবও দিয়ে রেখেছেন।
উল্লেখ্য, সদ্যবিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইনে জাতীয় নিরাপত্তা ইস্যুতে গত বছর থেকেই টিকটক নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছে। তবে আদালতের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি টিকটকের- দেশটির সর্বোচ্চ আদালত বহাল রেখেছে আইনটিকে। প্রাথমিকভাবে বাইটড্যান্সকে গত ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা ছাড়তে হতো, যেটা তাঁরা করে উঠতে পারেনি। ট্রাম্প ক্ষমতায় এসে তাঁদেরকে অতিরিক্ত ৭৫ দিন সময় দিয়েছে এবং পুরো মালিকানার পরিবর্তে ৫০ শতাংশ মালিকানা আমেরিকার নিয়ন্ত্রণে দেওয়ার প্রস্তাব দিয়েছে।
ইন্সটাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা অবশ্য রিলসের জন্য আলাদা অ্যাপ নিয়ে আসার বিষয়ে কিছুই জানায়নি। উল্লেখ্য, টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ২০১৮ সালে ‘লাসো’ নামে স্বতন্ত্র একটি অ্যাপ এনেছিল মেটা। অবশ্য পরবর্তীতে অ্যাপটি বন্ধ করে দেয় মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
তথ্যসূত্র: দ্য ইনফরমেশন, নিউজ ডট এজেড