প্রযুক্তি টিপস

ইন্সটাগ্রাম রিলস ভিডিওতে ফাস্ট-ফরওয়ার্ড করবেন যেভাবে

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামের রিলস ভিডিও’তে সম্প্রতি (২৭ মার্চ) যুক্ত হয়েছে ফাস্ট-ফরওয়ার্ড করার অপশন। মূলত ইন্সটাগ্রাম কমিউনিটির অনুরোধের প্রেক্ষিতে নতুন এই ফিচারটি নিয়ে এসেছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। ফলে বিশ্বজুড়ে ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা বর্তমানে রিলস ভিডিও’তে ২x (টুএক্স) বা দ্বিগুণ গতিতে প্লেব্যাক করতে পারছেন।

অনেকেই ভাবতে পারেন, স্বল্পদৈর্ঘ্যের রিলস ভিডিও’তে আবার ফাস্ট-ফরওয়ার্ড করার কী প্রয়োজন। কিন্তু বাস্তবতা হচ্ছে, অগণিত কনটেন্টের এই যুগে সীমিত সময়ে প্রচুর কনটেন্ট উপভোগ করার ক্ষেত্রে এই ফিচারটি বেশ কার্যকর হতে পারে। ইউটিউব ব্যবহারকারীদের অনেকেই এখন ২x (টুএক্স) গতিতে ভিডিও উপভোগ করে থাকেন। এতে করে স্বল্প সময়ে অনেক বেশি ভিডিও দেখা যায়, তথ্য জানা যায়। 

উল্লেখ্য, এই জানুয়ারিতেই ইন্সটাগ্রাম তাঁদের রিলস ভিডিও’র দৈর্ঘ্য ১ মিনিট থেকে ৩ মিনিটে উন্নীত করেছে। শুধু তাই নয়, রিলস ভিডিও’র সাম্প্রতিক ডেটা বলছে, ১ মিনিট বা তার চেয়ে বেশি দৈর্ঘ্যের রিলস দেখার প্রবণতা উল্লেখযোগ্যহারে বাড়ছে ব্যবহারকারীদের মাঝে। ফলে ফাস্ট-ফরওয়ার্ড অপশনটি ব্যবহারকারীর ইন্সটাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলেই আশা করছে প্ল্যাটফর্মটি। 

দ্বিগুণ গতির ফাস্ট-ফরওয়ার্ড অপশনটি চালু করার সময় ইন্সটাগ্রাম বলেছেন, ‘আজ আমরা বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম রিলে ২x গতিতে প্লেব্যাক করার সুবিধা চালু করছি। আমাদের কমিউনিটির অনেকেই এই ফিচারটি পেতে অনুরোধ জানিয়েছেন। আমরা আশা করি, ফাস্ট-ফরওয়ার্ড ফিচারটির কল্যাণে রিলস উপভোগের ক্ষেত্রে আপনার হাতে আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে…’

যেভাবে ব্যবহার করা যাবে ফাস্ট-ফরওয়ার্ড ফিচার
ইন্সটাগ্রাম রিলসের ফাস্ট-ফরওয়ার্ড অপশনে কেবলমাত্র ২x (টুএক্স) বা দ্বিগুণ গতিতে প্লেব্যাক করার সুযোগ থাকছে। অর্থাৎ, ব্যবহারকারীকে হয় দ্বিগুণ গতিতে রিলস ভিডিও প্লেব্যাক করতে হবে, অন্যথায় স্বাভাবিক গতিতে ভিডিও উপভোগ করতে হবে। এর বাইরে আর কোনো অপশন থাকছে না। কীভাবে ব্যবহার করা যাবে এই ফাস্ট-ফরওয়ার্ড ফিচারটি, চলুন সেটাই দেখে নেওয়া যাক: 

ইন্সটাগ্রাম রিলসে ফাস্ট-ফরওয়ার্ড করতে হলে, অর্থাৎ দ্বিগুণ গতিতে প্লেব্যাক করতে চাইলে, ভিডিও চলাকালে স্ক্রিনের ডান বা বাম প্রান্তে (এজে) দীর্ঘক্ষণ চেপে ধরে রাখতে হবে বা লং-প্রেস করতে হবে। ব্যবহারকারী যতক্ষণ স্ক্রিনে ট্যাপ করে লং-প্রেস করে রাখবেন ততক্ষণ ভিডিওটি দ্বিগুণ গতিতে প্লেব্যাক হতে থাকবে। তবে লং-প্রেস ছেড়ে দিলেই ভিডিও প্লেব্যাক আবার স্বাভাবিক গতিতে ফিরে যাবে। 

তথ্যসূত্র: সোশ্যাল মিডিয়া টুডে