জনপ্রিয় পোস্ট খুঁজে পেতে নতুন উদ্যোগ মাস্কের এক্স প্ল্যাটফর্মের

জনপ্রিয় পোস্টগুলো খুঁজে পেতে নতুন এক উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক্স-এর ‘কমিউনিটি নোটস’ অ্যাকাউন্ট থেকে ঘোষণা করা হয়েছে যে, তাঁরা পরীক্ষামূলকভাবে কমিউনিটি নোটসের অনুরুপ একটি সিস্টেম ব্যবহার করে দেখতে চাইছে প্ল্যাটফর্মের কোন পোস্টগুলো কমিউনিটির সদস্যরা পছন্দ করছেন এবং সেটা কেন।

এক্ষেত্রে এক্স প্ল্যাটফর্ম যে সিস্টেম বা প্রক্রিয়া অনুসরণ করতে যাচ্ছে সেটা তাঁদের কমিউনিটিভিত্তিক ফ্যাক্ট-চেকিং সিস্টেম ‘কমিউনিটি নোটস’-এর অনুরুপ। বলা যায়, ‘কমিউনিটি নোটস’-কেই একটু ভিন্নভাবে বা নতুনভাবে ব্যবহার করতে যাচ্ছে এক্স। 

কমিউনিটি নোটসের মাধ্যমে প্ল্যাটফর্মের সেরা পোস্টগুলো খুঁজে বের করার উদ্যোগটি বৃহস্পতিবার থেকেই চালু হয়েছে নতুন। প্ল্যাটফর্মের যে পোস্টগুলো ব্যবহারকারীদের আকৃষ্ট করবে (এই যেমন বেশি লাইক পাওয়া পোস্ট) সেগুলো সম্পর্কে কমিউনিটি নোটসের সক্রিয় কনট্রিবিউটরদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হবে নতুন একটি কলআউট ফিচারের মাধ্যমে। 

কনট্রিবিউটররা নির্দিষ্ট পোস্টটিতে রেটিং দিতে পারবেন এবং পোস্টটি সম্পর্কে নিজেদের মতামত (ফিডব্যাক) প্রদান করতে পারবেন। কনট্রিবিউটরদের ফিডব্যাকের ওপর ভিত্তি করেই প্ল্যাটফর্মের অ্যালগরিদম বুঝতে পারবে নির্দিষ্ট একটি পোস্ট ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট ও মতাদর্শের ব্যবহারকারীদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হচ্ছে কি-না।

এক্স-এর ‘কমিউনিটি নোটস’ হ্যান্ডেল থেকে করা পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরীক্ষামূলক এই উদ্যোগের মাধ্যমে বোঝা যাবে কোন পোস্টগুলো সাধারণ ব্যবহারকারীদের আকৃষ্ট করছে এবং তাঁদের মাঝে সাড়া ফেলছে।

কমিউনিটি নোটস-এর করা পোস্টটিতে বলা হয়েছে, ‘মানুষ প্রায়শই ভাবে বিশ্ব বিভক্ত, কিন্তু কমিউনিটি নোটস দেখায় যে, এমনকি বিতর্কিত বিষয়গুলোতেও মানুষ একমত হতে পারে। পরীক্ষামূলক নতুন এই ফিচারের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আইডিয়া, অন্তর্দৃষ্টি ও মতামতকে সামনে নিয়ে আসার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণের মাঝে সেতুবন্ধন তৈরি করা।’ 

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘কমিউনিটি নোটস সিস্টেমটি তৈরিতে আমরা যে পথ অনুসরণ করেছি ঠিক সেভাবেই আমরা একটি ছোট পাইলট প্রকল্পের মাধ্যমে নতুন এই উদ্যোগটি প্রতিষ্ঠিত করতে চাইছি। কমিউনিটি নোটসের সাথে আমরা যেমন প্রতিদিন শিখি এবং প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করি, ঠিক তেমনটি-ই আপনাদের সবার সাথে করার জন্য মুখিয়ে আছি আমরা।

উল্লেখ্য, কমিউনিটি নোটস সিস্টেমে ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে এক্স কমিউনিটির নির্বাচিত কনট্রিবিউটররা বিভিন্ন পোস্ট সম্পর্কে তাঁদের ভালো লাগা বা না লাগার কারণ প্রশ্নোত্তর আকারে জানাতে পারেন। অর্থাৎ, প্ল্যাটফর্মের নির্বাচিত কনট্রিবিউটররা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে জানাতে পারেন কেন নির্দিষ্ট একটি পোস্ট তাঁদের ভালো লেগেছে বা ভালো লাগেনি। কমিউনিটি নোটস এক্ষেত্রে ‘ব্রিজিং অ্যালগরিদম’ নামের একটি সিস্টেম ব্যবহার করে থাকে। এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হচ্ছে ভিন্ন মতাদর্শের ব্যক্তিদের মধ্যে নির্দিষ্ট কনটেন্ট সম্পর্কে সম্মতি বা ঐক্যমত্য খুঁজে বের করা। 

পোস্টে আপভোট বা ডাউনভোট দেওয়ার মাধ্যমে মান যাচাইয়ের ক্ষেত্রে সমমনা কনট্রিবিউটররা চাইলেই নিজেরা একত্রিত হয়ে সার্বিক ফলাফলকে প্রভাবিত করতে পারে। কিন্তু কমিউনিটি নোটসের ‘ব্রিজিং অ্যালগরিদম’ সিস্টেমে এমনটা করা বেশ কঠিন। বিশেষ করে যখন প্রক্রিয়াটিতে ভিন্ন মতের কনট্রিবিউটরদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়।

সাধারণত একেঅন্যের সাথে দ্বিমত পোষণ করা কনট্রিবিউটররা যখন নির্দিষ্ট কোনো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান, অর্থাৎ তাঁরা মনে করেন যে নির্দিষ্ট ফ্যাক্ট-চেকটি সঠিক, তখন এটি নোট আকারে প্রকাশিত হয় এবং সাধারণ ব্যবহারকারীদের সামনে দৃশ্যমান হয়ে উঠে।

ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে এক্স প্ল্যাটফর্মের কমিউনিটি নোটস সিস্টেমটি বেশ কিছু কারণে সমালোচিতও হয়েছে। কেননা এই সিস্টেমে ফ্যাক্টচেকিংয়ের গতি বেশ ধীর এবং এই পদ্ধতিতে প্ল্যাটফর্মে বিদ্যমান বিশাল পরিমাণ ভুল তথ্য ও অপতথ্যের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনা বেশ কষ্টসাধ্য একটি কাজ। কিন্তু তা স্বত্বেও, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া জগতের আরেক জায়ান্ট মেটা তাঁদের কয়েকটি প্ল্যাটফর্মে কমিউনিটি-কেন্দ্রিক ফ্যাক্ট চেকিং চালু করেছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ