রাশিয়ার রাষ্ট্র-সমর্থিত মেসেঞ্জার অ্যাপ ‘ম্যাক্স’-এর ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার রাশিয়া সরকার জানিয়েছে, আগামী মাস থেকে বিক্রি হওয়া প্রতিটি মোবাইল ফোন ও ট্যাবলেট পিসিতে আগে থেকেই ইনস্টল করা থাকতে হবে ‘ম্যাক্স’ অ্যাপটি। রাশিয়ায় হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হিসেবে দেখা হচ্ছে ম্যাক্স মেসেঞ্জারকে।
তবে প্রযুক্তিবিদরা বলছেন, রাশিয়ান নাগরিকদের ওপর নজরদারি বাড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে ভ্লাদিমির পুতিনের সরকার। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার বিদ্যমান অচলাবস্থার প্রেক্ষাপটে দেশটিতে ইন্টারনেট ব্যবহারের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চাইছে পুতিন প্রশাসন।
উল্লেখ্য, গত সপ্তাহেই (১৩ আগস্ট) জনপ্রিয় দুই মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের ভয়েস কল সেবায় বিধিনিষেধ দিয়েছে রাশিয়া সরকার। ইন্টারনেট সেবার ওপর কঠোর নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এবারে নাগরিকদেরকে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ ম্যাক্স ব্যবহারে বাধ্য করতে যাচ্ছে সরকার।
গতকাল প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়া সরকার বলেছে যে, আগামী ১ সেপ্টেম্বরে থেকে রাশিয়ায় বিক্রি হওয়া সকল গ্যাজেটে- যার মধ্যে মোবাইল ফোন ও ট্যাবলেট পিসিও অন্তর্ভুক্ত- অবশ্যই প্রি-ইনস্টলড্ থাকতে হবে ম্যাক্স মেসেঞ্জার অ্যাপটি। একইভাবে অ্যাপটি সরকারি বিভিন্ন সেবাতেও সমন্বয় করা হবে।
উল্লেখ্য, রাশিয়া সরকারের তরফ থেকে বিভিন্ন গ্যাজেটে বাধ্যতামূলক প্রি-ইনস্টলড্ থাকা অ্যাপের একটি তালিকা প্রকাশ করা হয়েছে- যেখানে ম্যাক্সের মতো আরও কিছু অ্যাপের উল্লেখ আছে।
সরকার আরও বলেছে যে, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ার নিজস্ব অ্যাপ স্টোর- রুস্টোর- অ্যাপল ডিভাইসে আগে থেকেই ইনস্টল করা থাকেব, যেমনটা এতদিন কেবলমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।
এখানেই শেষ নয়, আগামী ১ জানুয়ারি থেকে রাশিয়াতে বিক্রি হওয়া সকল স্মার্টটিভিতে ‘লাইম এইচডি টিভি’ নামের রাশিয়ান ভাষার একটি টিভি অ্যাপও আগে থেকেই ইনস্টল করা থাকবে। উল্লেখ্য, এই অ্যাপটির মাধ্যমে বিনামূল্যে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলো দেখতে পান ব্যবহারকারীরা।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের কিছু কলের ওপর বিধিনিষেধ আরোপ প্রসঙ্গে রাশিয়া সরকার বলছে, বিদেশি মালিকানাধীন এই প্ল্যাটফর্মগুলো জালিয়াতি এবং সন্ত্রাসবাদের ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে।
তবে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এমন অভিযোগ অস্বীকার করেছে। হোয়াটসঅ্যাপ সরকারকে অভিযুক্ত করে বলেছে যে, রুশ নাগরিকদের সুরক্ষিত যোগাযোগে বাধার সৃষ্টি করছে পুতিন প্রশাসন। অন্যদিকে টেলিগ্রাম জানিয়েছে যে, তাঁরা তাঁদের প্ল্যাটফর্মের ক্ষতিকর ব্যবহার রোধে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, রাশিয়ায় বর্তমানে প্রায় ১০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। আর টেলিগ্রামের ব্যবহারকারী সংখ্যা ৯ কোটির কিছু বেশি।
ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে রাশিয়ায় তৃতীয় সবচেয়ে জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ হচ্ছে ভিকে মেসেঞ্জার। মিডিয়াস্কোপ ডেটার জুলাই মাসের তথ্য অনুযায়ী, ১ কোটি ৭৯ লাখ রাশিয়ান এই অ্যাপটি ব্যবহার করেন। অ্যাপটির নির্মাতা রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রযুক্তি প্রতিষ্ঠান ভিকে- যারা ম্যাক্স মেসেঞ্জার অ্যাপটিও তৈরি করেছে।
ম্যাক্স এ সপ্তাহেই জানিয়েছে যে, ১ কোটি ৮০ লাখ ব্যবহারকারী তাঁদের অ্যাপটি ডাউনলোড করেছে। যদিও অ্যাপটির কিছু অংশ এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার বলেছে যে, ম্যাক্স অ্যাপটি বিদেশি অ্যাপগুলোর চেয়ে বেশি নিরাপদ। পাশাপাশি তাঁরা এও জানিয়েছে যে, ম্যাক্স মেসেঞ্জারে জালিয়াতির ঘটনায় তারা ইতোমধ্যেই একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
তথ্যসূত্র: রয়টার্স