ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে আলোচনা চলছে: বাফুফে

আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বিবেচনা করেই আলোচনা এগিয়ে নিতে আশাবাদী ফেডারেশন। 

উল্লেখ্য, বাংলাদেশের ফিফা আসিয়ান কাপে অংশগ্রহন নিশ্চিত। এবার বাংলাদেশের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ঢাকার মাঠে প্রীতি ম্যাচের সুযোগ। জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন শেষে আগ্রহের কথা জানায় ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। 

বাংলাদেশ অবশ্য দুটি সুযোগই লুফে নিতে চায়। ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের পর, দেশের মাটিতে ঢাকায় ব্রাজিলের বিপক্ষে খেলতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত বাফুফে। ফিফা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন ফেডারেশন। 

উল্লেখ্য, আসিয়ান কাপে অন্তত চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলোয়াড়দের দেশে ফেরার সূচি, ওয়ার্কলোড বিবেচনায় রেখেই আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাফুফে সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। 

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে আসিয়ান কাপ, আর ব্রাজিল খেলতে আগ্রহী ৬ অক্টোবর। এর আগে, ব্রাজিলের বিপক্ষে খেলার জন্যই আসিয়ান কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করায় ফিফার কোন টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পায় বাংলাদেশ।