ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের গত মার্চের নিলামে দল পান মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসারকে ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডে (১ কোটি ৬৬ লাখ টাকা) কিনে নেয় বার্মিংহাম ফিনিক্স।
এবার মোস্তাফিজের দল বার্মিংহামের ১.২ শতাংশের মালিকানা কিনেছেন রেয়াল মাদ্রিদে খেলা ইংলিশ তারকা ফুটবলার জুড বেলিংহাম। ইংলিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, গত বছর দ্য হান্ড্রেডের যে আটটি ফ্র্যাঞ্চাইজি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল বার্মিংহাম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট ওই সময় ৪ কোটি পাউন্ডে (৬৬৪ কোটি টাকার বেশি) ফ্র্যাঞ্চাইজিটির ৪৯ শতাংশ মালিকানা কিনে নেয়। বার্মিংহামের বাকি ৫১ শতাংশ মালিকানা নিজেদের দখলে রাখে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।
বেলিংহাম দুই পক্ষের কাছ থেকেই ০.৬ শতাংশ করে মোট ১.২ শতাংশ কিনেছেন। এর ফলে, ওয়ারউইকশায়ারের কাছে এখন ৫০.৪ শতাংশ মালিকানা থাকল। আর নাইটহেডের হাতে থাকল ৪৮.৪ শতাংশের মালিকানা।
বার্মিংহামের ১.২ শতাংশের মালিকানা কিনতে বেলিংহামকে ঠিক কত খরচ করতে হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে বিবিসি উল্লেখ করেছে, ১০ লাখ পাউন্ড বা ১৬ কোটি ৬০ লাখ টাকা গুনতে হয়েছে রেয়াল মাদ্রিদ তারকাকে। আজ চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।