মানুষের ভালোবাসা টের পেলেন মাহমুদউল্লাহ-তামিম

তখনো খেলা শুরু হতে অনেক বাকি। সবগুলো গ্যালারি মিলিয়ে তখনো পাঁচ শ দর্শক হবে টেনে টুনে। এমনটাই হওয়ার কথা। ২ টায় ম্যাচ, ঘড়িতে তখন মাত্র ১২ টা ৪০। একটু আগের বৃষ্টি আর মেঘ আকাশ থেকে উধাও।

রৌদ্রোজ্জ্বল ওই মুহূর্তে গ্যালারির ওই শ পাঁচেক লোক যে শোর তুললেন, তা নির্ঘাত স্টেডিয়াম ছাপিয়ে মিরপুর এলাকায় ছড়িয়ে পড়েছিল। কী হলো?

বৃষ্টি থামার ক্ষণিক পরই গা-গরম করতে নেমে পড়েছিল বাংলাদেশ দল। নুরুল হাসান সোহানের উইকেটকিপিং দেখে অবশ্য দর্শকদের মধ্যে কোনো হেলদোল দেখা যায়নি। কিন্তু ধীর পায়ে ব্যাট হাতে মাহমুদউল্লাহকে সীমানা দড়ি পার হয়ে মাঠে ঢুকতে দেখেই দর্শকদের অমন উল্লাস। ছয় মাসের ‘বিশ্রাম’ শেষ হয়েছে তাঁর।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর বিশ্রাম দেওয়া হয়েছিল সাবেক অধিনায়ককে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরে ও ‘পরে’র মাঠের দুই সিরিজে অন্তত এ শব্দটাই ব্যবহার করা হয়েছিল। সে সঙ্গে বিশ্বকাপের আগে একটু পরীক্ষা-নিরীক্ষা।

আফগানিস্তান সিরিজের আগে আর বিশ্রাম শব্দটাও ব্যবহৃত হয়নি। এরপর এশিয়া কাপের বর্ধিত ১৭ সদস্যের দলেও যখন তাঁর জায়গা হয়নি, তখন বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ নেই, বলেই ধরে নিয়েছিলেন সবাই।

এ নিয়ে দ্বিধাবিভক্ত বাংলাদেশের সমর্থকেরা। এক পক্ষ তাঁর সাম্প্রতিক ফর্ম ও স্ট্রাইকরেটের কথা তুলে ধরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিদ্ধান্তের পক্ষ নিয়েছেন। অন্য পক্ষ বিশ্বকাপের মতো মঞ্চে মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজনীয়তা তুলে ধরছেন।

এর মধ্যেই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ। আজ দুপুরে যখন তাঁকে দেখা গেল, তখনো একাদশ ঘোষণা করা হয়নি, কিন্তু দর্শকের বুঝতে বাকি ছিল না, ৬ মাস পর আবার বাংলাদেশ দলে দেখা যাবে মাহমুদউল্লাহকে।

বিভিন্ন গ্যালারি থেকে ভেসে আসা ‘মাহমুদউল্লাহ ভাই, মাহমুদউল্লাহ ভাই’ ডাক উপেক্ষা করতে পারেননি, হাত নেড়েছেন সমর্থকদের উদ্দ্যেশ্যে। তাঁদের করতালির মধ্যেই নক করেছেন, লেগ গ্লান্স করেছেন। একটু পর গা-গরম করতে নামলেন তামিম। প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু তাঁকেও প্রবল উচ্ছ্বাসে স্বাগত জানিয়েছেন দর্শক। আফগানিস্তান সিরিজে আচমকা অবসরের ঘোষণা দেওয়া তামিম চোট থেকে সেরে উঠতে ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে এশিয়া কাপ থেকে ছুটি পেয়েছিলেন।

বিশ্বকাপ দলে তামিম ইকবালের জায়গা পাওয়া নিয়ে কোনো প্রশ্ন কখনো ওঠেনি। কিন্তু ফিটনেস তো ভিন্ন প্রসঙ্গ। নিউজিল্যান্ড সিরিজ তাঁর ফিটনেসের পরীক্ষা, ব্যাটের ছন্দ হারিয়ে না ফেলারও।

টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়ায় তামিম বা মাহমুদউল্লাহ কারও ব্যাটিংই দেখার সুযোগ হয়নি। নিউজিল্যান্ড ইনিংসের ৩৫তম ওভারের পরের বৃষ্টি ম্যাচই বাতিল করে দিয়েছে। কিন্তু দর্শকদের ভালোবাসা জানাতে তো ব্যাটিংয়ের দরকার হয়নি।

মাহমুদউল্লাহর হাতে বল তুলে দিয়েছিলেন লিটন। তাঁর প্রতিটি বলে বলে তাল মিলিয়ে চিৎকার করেছেন দর্শক, দিয়েছেন উৎসাহ। একটু জন্য উইকেট না পেলে হা-হুতাশের শব্দ মিরপুর কাঁপিয়েছে। আবার বল যখন ফিল্ডার তামিমের কাছে গেছে, তখনই উৎসাহ জানিয়েছেন। জানিয়ে দিয়েছেন, টিম ম্যানেজমেন্ট, ফর্ম, দর্শক জানিয়ে দিয়েছেন, টিম ম্যানেজমেন্ট, চোট বা অন্য যে কারণেই তামিম মাহমুদউল্লাহ দলে অনুপস্থিত থাকুন না কেন, মানুষের ভালোবাসা কমেনি এক ফোঁটা।         চোট বা অন্য যে কারণেই তারা দলে অনুপস্থিত থাকুন না কেন, মানুষের ভালোবাসা কমেনি এক ফোঁটা।