গতকাল রাত থেকে কতশত গুঞ্জনই না শোনা গেছে। সত্যি-মিথ্যা এখনো পুরোপুরি জানা মুশকিল। যত গুঞ্জনের কেন্দ্রে তো তামিম ইকবাল আর সাকিব আল হাসানের গুঞ্জনই, সে নিয়েই আজ বিশ্বকাপের দল ঘোষণার পর প্রশ্ন হলো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। তবে গুঞ্জনের প্রায় সবই উড়িয়ে দিয়েছেন নান্নু।
শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এ নিয়ে বিতর্ক তো বিশ্বকাপের শেষ পর্যন্ত চলবেই। তবে দল ঘোষণার আগে গতকাল থেকে যত নাটক হয়েছে আর যতশত গুঞ্জন শোনা গেছে, সেটাও বাংলাদেশের ক্রিকেটের অগোছালো রূপের কথাই বলে। স্পষ্ট করে বলে দলের ভেতরে ‘ইগো’র লড়াইয়ের কথাও।
পিঠের চোটের সঙ্গে যুঝতে থাকা তামিম তো নিজের ফিটনেসের হাল-হকিকত সংবাদমাধ্যমে জানিয়েই আসছেন। জুলাইয়ে আফগানিস্তান সিরিজে এভাবেই এক ‘ফিটনেস আপডেট’ দিয়ে কোচ হাথুরুসিংহের বিরক্তির কারণ হয়েছিলেন। এ নিয়ে সমালোচনার মুখে এক পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়ে দেন তামিম, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২৯ ঘণ্টা পর সে সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তামিম।
এরপর পিঠের চোটের পুনর্বাসন শেষে নিউজিল্যান্ড সিরিজে ফিরেছেন তামিম, প্রথম দুই ম্যাচে খেললেও তৃতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেয়া হয়। দ্বিতীয় ওয়ানডের পরই আবার তামিম সংবাদমাধ্যমে দিয়েছেন তাঁর ফিটনেস আপডেট – চোট পুরোপুরি সারেনি।
এরপর শুরু হয় গুঞ্জনের পালা। গতকাল শোনা যায়, তামিম নাকি টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন, দল ঘোষণার ক্ষেত্রে তাঁর ফিটনেসের দিকটা যাতে মাথায় রাখা হয়। এমনও শোনা যায়, তামিম নাকি গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ খেলার কথা জানিয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। এরপর নাটকের শুরু। পাল্টা দিক থেকে গুঞ্জন আসে, তামিমের ফিটনেসের এমন হাল শুনে অধিনায়ক সাকিব বিরক্ত। এমন আধা-ফিট একজনকে বিশ্বকাপের দলে চান না বলে জানিয়ে দিয়েছেন সাকিব ও কোচ হাথুরুসিংহে – এমন খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। এমনকি গতকাল রাতে সাকিব ও হাথুরুসিংহে নাকি বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায়ও গেছেন!
সেখান থেকে আরেক গুঞ্জন চাউর হলো, সাকিব নাকি জানিয়ে দিয়েছেন, আধা-ফিট তামিমকে বিশ্বকাপের দলে রাখলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না।
দড়ি টানাটানি আর নাটকের পর আজ শেষ পর্যন্ত তামিমকে বাইরে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। এরপর স্বাভাবিকভাবেই গতকাল রাত থেকে চলা গুঞ্জন নিয়েও প্রশ্ন হলো বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। কারণ, দৃশ্যতই সাকিব আর তামিমের দ্বন্দ্ব বিশ্বকাপের দল নির্বাচনে একটা বড় প্রভাবক হয়ে দাঁড়াচ্ছিল!
ভিডিও দেখুন:আধা-ফিট তামিমকে দলে নিলে সাকিব বিশ্বকাপে অধিনায়কত্ব না করার কথা কি আসলেই বলেছেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে নান্নু বলেছেন, ‘আমরা এ ধরনের কিছু জানি না। আমরা মিডিয়াতে অনেক কথাই দেখছি। বাইরে অনেক কথাই শুনছি। কিন্তু আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য ছিল না।’
তামিম ৫টির বেশি ম্যাচ খেলবেন না, এমন কিছু জানিয়েছেন কি না – সে প্রশ্নও হলো নান্নুকে। প্রধান নির্বাচকের উত্তর, ‘না, পরিস্কারভাবে বলে দিই। আমাদের কাছে এ ধরনের কোনো বার্তা ছিল না। তামিমের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, কিন্তু সবকিছু তো জানানো যায় না। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি - ওকে স্কোয়াডের বাইরে রাখা হবে।’
এর সম্পূরক হয়েই প্রশ্ন এল, তামিম নিজেকে ‘শতভাগ ফিট নই’ বলার পরই কি তামিমকে বিশ্বকাপের দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে? নান্নুর ব্যাখ্যা, ‘ও অনেকদিন পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছে। নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, দ্বিতীয় ম্যাচে ও পুরোটা খেলেছে। তৃতীয় ম্যাচ কিন্তু খেলতে পারেনি। আমরা তাই এ নিয়ে আলোচনা করেছি। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’