১৫, ৩, ৩১, ০ - এবার বিশ্বকাপে প্রথম চার ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের রান। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচেই তাঁর গোল্ডেন ডাক নিয়ে সে কী সমালোচনা! হবে না-ই বা কেন! ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ২৫৯ রানের উদ্বোধনী জুটির পর সেদিন অস্ট্রেলিয়া তিনেই ম্যাক্সওয়েলকে নামিয়েছিল, যাতে এরই মধ্যে পেয়ে যাওয়া দারুণ ভিতের ওপর দাঁড়িয়ে ম্যাক্সওয়েল ঝড় তুলতে পারেন। কিন্তু ম্যাক্সওয়েল কী করলেন? একেবারে প্রথম বলেই উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে ফিরে গেলেন!
এ নিয়ে সমালোচনায় ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার আজ ম্যাচের আগে ম্যাক্সওয়েলকে নিয়ে বলেছিলেন, 'এখানে আসলে ইগো একটা বড় প্রভাব ফেলছে। ক্রিকেটে উদ্বেগহীন থাকা আর উদাসীন হয়ে যাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বিশ্বকাপে এখন পর্যন্ত ও উদাসীনতাই বেশি দেখিয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম বলে ওভাবে আউট হয়ে যাওয়া...কী শট খেলেছে ওটা!'
দিল্লিতে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ সব সমালোচনার জবাব দিয়ে দিলেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৪৪ বলে ১০৬ রান করেছেন, যার মধ্যে ৮৪-ই চার-ছক্কায় (৯ চার, ৮ ছক্কা)। সেঞ্চুরিটা ম্যাক্সওয়েল তুলে নিয়েছেন ৪০ বলে, যা বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড - ওয়ানডে ইতিহাসেই চতুর্থ দ্রুততম! তাঁর আগে ডেভিড ওয়ার্নার টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন, ১০৪ রানের ইনিংসে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানও (৬ সেঞ্চুরি) বনে গেছেন, স্মিথ আর লাবুশেন ফিফটি করেছেন। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে আজ যে শেষ পর্যন্ত ৩৯৯ রান করেছে অস্ট্রেলিয়া, এবং এরপর ডাচদের ৯০ রানে গুটিয়ে দিয়ে বিশ্বকাপে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানের (৩০৯ রান) জয় তুলে নিয়েছে - সবই তো ম্যাক্সওয়েলের কল্যাণে। এমন দিনে 'ম্যাক্সি' ছাড়া আর কে-ইবা ম্যাচসেরা হতে পারেন!
তবে ম্যাক্সওয়েলের এমন ইনিংস অস্ট্রেলিয়ার সামনের চার ম্যাচের প্রতিপক্ষ - নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশকে দুর্ভাবনায় ফেলবে নিশ্চিত। সেঞ্চুরিটা যে অনুচ্চারে জানিয়ে দিয়ে গেল, ম্যাক্সওয়েলের দানবীয় রূপটা আড়মোড়া ভেঙেছে!
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে ম্যাক্সওয়েলও বললেন, 'এমন একটা ইনিংস খেলতে পেরেছি, এই ভাবনাটাই সামনের ম্যাচগুলোর জন্য এটা আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। ধারাবাহিকভাবে রান না পেতে থাকলে একটা সময় সন্দেহ ঘিরে ধরে মনে। এমন একটা ইনিংস খেলতে পেরে তাই ভালো লাগছে।' এমন একটা ইনিংস খেলার আগে তাঁর ভাবনাটা কী ছিল? নামার আগেই ঠিক করে রেখেছিলেন এভাবে খেলবেন? সেটির উত্তরে ম্যাক্সওয়েল বললেন, 'এটাই করব ভেবে নামিনি। ম্যাচের পরিস্থিতিতে হয়ে গেছে। শেষদিকে ভালো একটা রান এনে দিতে চেয়েছিলাম, এই ছোট মাঠের সুবিধা নিতে চেয়েছিলাম। এখানে বল অনেক দ্রুত বাউন্ডারিতে যায়।'
তা যে যায়, সেটা তো ম্যাক্সওয়েলের বিশাল সব ছক্কা আর দ্রুতগতিতে বাউন্ডারি পেরোনো চারগুলোই বলবে। আর ম্যাক্সওয়েলের ইনিংসের শুরুতে রানের খোঁজে একের পর রিভার্স হিট আর এরপর সেটি ঠেকাতে নেদারল্যান্ডসের বোলিং পরিকল্পনাকে নস্যাত করে দিতে আবার স্ট্রেইট ব্যাটে খেলার ঢংটা বলে গেল, ম্যাক্সওয়েল নিজেকে খুঁজে পেয়েছেন! নিজে যা করতে চেয়েছেন, প্রতিপক্ষকে সেভাবেই বল করতে বাধ্য করতে পেরেছেন।
অস্ট্রেলিয়ার জন্য বড় সুখবরই সেটা।