৯ ম্যাচের দীর্ঘ বিশ্বকাপ। প্রায়ই কোনো না কোনো খেলোয়াড় চোট পাচ্ছেন। অনেকের বিশ্বকাপই শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরেছেন তাঁরা। এঁদের মাঝেও ব্যতিক্রম বাংলাদেশের দুজন। ফর্মে ফেরার তাগিদে আচমকা গত সপ্তাহে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। আর গতকাল সন্তানসম্ভাবনা স্ত্রীর পাশে থাকতে ফিরেছেন লিটন দাস।
গতকালই সে তালিকায় যুক্ত হয়েছেন মিচেল মার্শ। আগামী ৪ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ অস্ট্রেলিয়ার। সে ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। আর হেরে গেলে আফগানিস্তান বা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের। এর মাঝেই দেশে ফিরতে হলো মার্শকে।
আজ এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘অস্ট্রেলিয়া আরও একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে হারিয়েছে। বুধবার রাতে ব্যক্তিগত কারণে মিচেল মার্শ বাড়ির দিকে উড়াল দিয়েছেন এবং অনির্দিষ্টকালের জন্য বিশ্বকাপের বাইরে থাকবেন।’
বিশ্বকাপটা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। কিন্তু গত কিছুদিন ধরে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলছে না অস্ট্রেলিয়াও। এমন ম্যাচে এই বিশ্বকাপে একটা সেঞ্চুরি ও ফিফটি পাওয়া মার্শকে হারিয়ে ফেলাটা দুশ্চিন্তার ব্যাপার অস্ট্রেলিয়ার। এবং সেটাও এসেছে গ্লেন ম্যাক্সওয়েলের হাস্যকরভাবে চোট পাওয়ার খবরের পর।
গতকালই গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ম্যাক্সওয়েল। ফলে ইংল্যান্ডের বিপক্ষে তাঁরও খেলার সম্ভাবনা নেই। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ও মার্শের বদলে দলে ঢোকার তালিকায় এখন মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন ছাড়াও অ্যালেক্স ক্যারি ও শন অ্যাবটও থাকবেন।