বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে আবারও মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে এ বছর ব্যস্ত সূচি কিউইদের। এবার পাকিস্তান যাচ্ছে ওশেনিয়ার দেশটি সফর করতে। বাবর আজমদের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা করেছে ব্ল্যাকক্যাপস।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজে দলের সঙ্গে ছিলেন না কেইন উইলিয়ামসন। দুই সিরিজ বাদে আবার দলে ফিরেছেন তিনি। নিয়মিত অধিনায়কের সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন পেসার ম্যাট হেনরি।
বিশ্বকাপের মাঝপথে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন হেনরি। এরপর চোটের জন্য বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। এদিকে উইলিয়ামসনকে অধিনায়ক করা হলেও তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁকে পাবে না স্বাগতিকরা। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড ক্রিকেট। তৃতীয় ম্যাচের জন্য এই অভিজ্ঞ ক্রিকেটারের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন জস ক্লার্কসন।
এই সিরিজের জন্য রাচিন রবীন্দ্রকে বিবেচনা করেনি নিউজিল্যান্ড। গত বছরের আগস্ট থেকে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা তরুণ এই অলরাউন্ডারকে বিশ্রাম দিয়েছে বোর্ড। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘রাচিনের মতো তরুণ খেলোয়াড়ের অপরিসীম মূল্য নিউজিল্যান্ড ক্রিকেটে। আমরা তার ভালো থাকার ওপর জোর দিতে চাই। সে গত পাঁচ মাস ধরে বিরতিহীনভাবে পাঁচটি দেশে ভ্রমণ করছে। এভাবে বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব নয়।’
আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২১ ফেব্রুয়ারি।
নিউজিল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াড:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন,ডেভন কনওয়ে, টিম সাইফার্ট,মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স, লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে।