হেলিকপ্টারে চড়ে খেলতে যাবেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা তারকা ডেভিড ওয়ার্নার টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের পরও রয়েছেন আলোচনায়। ক্যারিয়ারজুড়ে অসংখ্য অর্জনই তাকে অজিদের সেরা ক্রিকেটারদের একজন বানিয়েছে। অবসরের পর দুই হাজার পৃষ্ঠার আত্মজীবনীর ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেয়ার পর এবার ভিন্ন আরেক কারণে বিশ্ব ক্রিকেটে আলোচিত এই ওপেনার।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের একটি ম্যাচ খেলতে হেলিকপ্টারে চড়ে মাঠে যাবেন ওয়ার্নার। সিডনি স্ম্যাশ নামে পরিচিত সিডনি শহরের দুই ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ে অংশ নিতেই এই বাঁহাতি ব্যাটারের এমন সিদ্ধান্ত।

অবশ্য পরিস্থিতিই এমন যে, হেলিকপ্টারে যাওয়া ছাড়া সম্ভবত উপায় নেই ওয়ার্নারের। আগামীকাল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের হাইভোল্টেজ ম্যাচ, একই দিনে আবার ওয়ার্নারের ভাইয়ের বিয়ে।

উত্তর সিডনি হান্টার ভ্যালি এলাকায় ওয়ার্নারের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হবে। আর দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যাচ হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) । ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিখ্যাত এই ভেন্যু থেকে ওয়ার্নারের ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের ভেন্যুর দূরত্ব প্রায় ২৫৫ কিলোমিটার।

হান্টার ভ্যালি থেকে সড়কপথে এসসিজিতে যেতে ৩ ঘণ্টারও বেশি সময় লাগে। এতো দূরত্ব ভ্রমণ করে সিডনি ক্ল্যাশে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। সে কারণে ওয়ার্নারের পছন্দ হেলিকপ্টার। আকাশপথে তাঁর মাঠে পৌঁছাতে লাগবে সর্বোচ্চ ৪৫ মিনিট।

পাকিস্তানের বিপক্ষে এসসিজিতেই সম্প্রতি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন ওয়ার্নার। তখন মাঠের এক প্রান্তে ধন্যবাদ ডেভি লেখা ছিল। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টায় ওয়ার্নার হেলিকপ্টার থেকে মাঠে নামার কথা। ম্যাচ শুরু হবে বেলা ২টা ১৫ মিনিটে। ওয়ার্নারের এমন কান্ডে উচ্ছ্বসিত তার দলের সতীর্থরা। 

সিডনি থান্ডারের পেসার গুরিন্দার সান্ধু জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে তার উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের দলে খেলার জন্য তাঁকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। তাঁকে পেয়ে আমাদের ভালো লাগবে। গত বছর তাঁর উপস্থিতি আমাদের জন্য দারুণ ছিল। তিনি প্রত্যাশা অনুযায়ী রান করতে না পারলেও আমাদের যেসব জ্ঞানের কথা বলেছেন, তা অনেক কাজে দিয়েছে। সেরা একজন টিম ম্যান তিনি। ভক্তরা তাঁর খেলা উপভোগ করে।’