সাকিবের ঝড়ের পর ‘রোনালদো’র দৌড়ঝাঁপেই কুল পেল না খুলনা 

ইমরান তাহিরের এই এক অভ্যাস। উইকেট পেলেই শুরু করেন ভোঁ দৌড়। এর সঙ্গে যোগ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিইউউউ’ উদ্যাপন। তাঁর ছেলের পছন্দের ফুটবলারকে অনুকরণের চেষ্টা আর কী!

চট্টগ্রামে আজ তাহিরের এমন দৌড় পাঁচবার দেখতে হয়েছে খুলনা টাইগার্সকে। তাতেই যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে তাদের। আগে ব্যাট করে সাকিব আল হাসানের ঝড়ে রংপুর রাইডার্স তুলেছিল ২১৯ রান, জবাবে ‘রোনালদো’ বনে যাওয়া ইমরান তাহিরের ৫ উইকেটে খুলনা ১০ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে ১৪১ রানে। ব্যাটিংয়ে দারুণ দেখানো সাকিব পরে বল হাতেও খুলনার শুরু আর শেষের উইকেট নিয়ে নিশ্চিত করলেন রংপুরের ৭৮ রানের জয়।

বিপিএলে এবার শুরু থেকেই ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিল না সাকিবের। কারণটা সর্বজনবিদিত, সাকিবের চোখের সমস্যা। তবে আগের দুই ম্যাচে কিছুটা ছন্দে ফিরতে থাকা সাকিব আজ খুলনার বোলারদের বেধড়ক পিটিয়েছেন! সে পথে গড়লেন এবারের আসরের দ্রুততম ফিফটির (২০ বলে) রেকর্ডও। সাকিবের ৩১ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস, এর পাশাপাশি শেখ মেহেদির ৩৬ বলে ৬০ রানের সৌজন্যে খুলনাকে ২২০ রানের বিশাল লক্ষ্য দেয় রংপুর রাইডার্স।

ব্যাট হাতে দ্যুতি ছড়ানো সাকিব বল হাতেও নিজ দলকে শুরুতেই এনে দেন সাফল্য। ২২০ রানের লক্ষ্যে খুলনার বড় বাজি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস। ইনিংসের তৃতীয় ওভারেই তাঁকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান সাকিব!

শুরুর এই ধাক্কা খুলনা আর সামলাবে কী, মাঝের ওভারগুলোতে তারা পড়ল তাহিরের ঘূর্ণি আর তাহিরের দৌড়ঝাঁপের সামনে! 
আলেক্স হেলস ৩৩ বলে ৬০ রান করে লড়াইয়ের আভাস দিলেও অন্য প্রান্ত থেকে বলার মতো তেমন কোন সঙ্গ পাননি। ১২তম ওভারে তাহিরের শিকার হয়ে যখন হেলস সাজঘরে ফেরেন, খুলনার লড়াইয়ের স্বপ্ন সেখানেই শেষ! ৪ ওভারে ২৬ রানে ৫ উইকেট নিয়েছেন তাহির। হেলসের বাইরে খুলনার আর কেউ ২০-এর বেশিই করতে পারেননি!