বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ এখন আর ক্রিকেটের আপ্তবাক্য মানে না। অর্থাৎ, এই দুই দলের লড়াই আর ‘ভদ্রলোকের খেলা’ থাকে না। গত চার পাঁচ বছরে মাঠে ও মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনা দুই দলের মধ্য সম্পর্কটা আগুনে করে তুলেছে।
গত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে সে সম্পর্ক আরও বিষিয়ে তুলেছে বাংলাদেশ। সে ম্যাচে আবার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে আউট করে হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করেছিলেন ম্যাথুস। বিশ্বকাপের পর দুই দলের প্রথম দেখা টি-টোয়েন্টি সিরিজে। সে সিরিজে প্রথম উইকেট পেয়ে শরীফুল ইসলাম টাইমড আউট উদ্যাপন করে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন। জবাবে সিরিজ জিতে শ্রীলঙ্কান দলের সবাই ট্রফি নিয়ে উদযাপনে শরীফুলকে নকল করেছেন।
ওদিকে আবার ওয়ানডে সিরিজ জেতার পর বাংলাদেশের অভিজ্ঞতম ক্রিকেটার মুশফিকুর রহিম হেলমেট হাতে নিয়ে ইতস্তত ঘোরাঘুরির ভান করে ম্যাথুসকে খোঁচা দিয়েছেন। সেই ম্যাথুস আছেন টেস্ট দলে।
ফলে টেস্ট সিরিজের আগেই প্রতিদ্বন্দ্বিতার আগুনে পর্যাপ্ত জ্বালানি ঢালা হয়েছে। গতকাল তাই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার কাছে প্রশ্ন করা হয়েছিল, টেস্টেও কি টাইমড আউট উদ্যাপন দেখা যাবে কিনা। জবাবে কিন্তু ‘না’ বলেননি লঙ্কান অধিনায়ক। বরং রহস্য রেখে বলেছেন, ‘জেতার (সিরিজ) পর দেখা যাবে।’
সিলেটে এর আগে কখনো টেস্ট খেলেনি শ্রীলঙ্কা। এর আগে এই ভেন্যু টেস্ট হয়েছেই মাত্র দুটি। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন ধনঞ্জয়া, ‘এই প্রথম আমরা খেলছি না এখানে, এখানে টি-টোয়েন্টি তো খেলেছি… আমাদের লক্ষ্য টেস্ট সিরিজ জেতা এবং আমরা এ ব্যাপারে বেশ রোমাঞ্চিত।’