বেন স্টোকসের সঙ্গে চোটের যেন বন্ধুত্ব হয়ে গেছে। ২২ গজে ফিরলেও কয়েক বছর ধরে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে খেলা হচ্ছে না তাঁর। চোট তাঁকে বোলিং করতেই দিচ্ছে না!
পূর্ণাঙ্গ অলরাউন্ডার হয়ে ফিরতেই স্টোকস এবার অবাক করা এক সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক স্টোকস আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না!
হাঁটুর অস্ত্রোপচারের পর সেরে ওঠার প্রক্রিয়ায় মন দিতে এর আগে এবারের আইপিএলকেও ‘না’ বলে দিয়েছিলেন স্টোকস। এবার বিশ্বকাপ থেকেও নাম সরিয়ে নিলেন। অথচ তিনি কিন্তু শিগগিরই মাঠে ফিরছেন! তিন দিন পর শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের চার দিনের ক্রিকেটের ঘরোয়া লিগ কাউন্টি চ্যাম্পিয়নশিপ। সেটির প্রথম বিভাগে তাঁর কাউন্টি ডারহামের হয়ে খেলবেন স্টোকস!
আজ এক বিবৃতিতে বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার। লিখেছেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি, আমার সব মনোযোগ এখন বোলিং ফিটনেসকে আবার এমন পর্যায়ে নিয়ে যাওয়ায় যাতে আমি পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে সব সংস্করণে নিজের দায়িত্বটা পালন করতে পারি।’
আইপিএলের পর বিশ্বকাপ থেকেও নাম সরিয়ে নেওয়া তো চাট্টিখানি কথা নয়। এই ‘আত্মত্যাগে’র পুরস্কারের আশায় স্টোকস, ‘আশা করি আইপিএল ও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর এই ত্যাগ সামনের দিনগুলোতে যেরকম অলরাউন্ডার আমি হতে চাই, সেরকম হতে আমাকে সাহায্য করবে।’
বোলিংয়ে এই ঘাটতির অনুভূতিটা স্টোকসের মনে গেঁথে গেছে সম্প্রতি ভারতের মাটিতে সিরিজে। বিবৃতিতে তা-ই জানালেন, ‘সম্প্রতি ভারতের মাটিতে টেস্ট সিরিজ আমাকে দেখিয়ে দিয়েছে হাঁটুর অস্ত্রোপচার আর ৯ মাস বোলিং থেকে দূরে থাকায় আমি বোলিংয়ে কতটা পিছিয়ে পড়েছি! (ইংল্যান্ডের হয়ে) গ্রীষ্মে টেস্টগুলোর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলতে উন্মুখ হয়ে আছি।’