মন্তব্য সাবেক সতীর্থের

ধোনির বদলে একজন পেসার খেলানো উচিত চেন্নাইয়ের

এবারের আইপিএলে নিজেকে ভিন্ন রূপে হাজির করেছেন মহেন্দ্র সিং ধোনি। ইনিংসের যখন ১-২ ওভার বাকি থাকে, শুধু ব্যাটিংয়ে নামছেন সাবেক চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। গতকাল রোববার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। তবে কাল এই বুধি কাজে লাগেনি, ১৯তম ওভারে মাঠে নেমে প্রথম বলেই আউট হয়েছেন ধোনি।

এমন নয় যে আগে ব্যাটিংয়ে নামার সুযোগ ছিল না। গতকাল সুযোগ থাকার পরেও মিচেল স্যান্টনার ও শার্দুল ঠাকুরকে আগে পাঠিয়ে নিজে নয় নম্বরে নামেন ধোনি। সাবেক অধিনায়কের এত নিচে ব্যাট করা নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়েছে।

ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনায় বাদ যাননি সাবেক ক্রিকেটাররাও। সে তালিকায় আছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। কড়া সমালোচনা করে জানিয়েছেন, নয় নম্বরে ব্যাটিং করতে চাইলে ধোনির খেলাই বাদ দেওয়া উচিত।

স্টার স্পোর্টসকে হরভজন বলেছেন, ‘ধোনি যদি নয় নম্বরে ব্যাটিং করতে চায়, ওর তাহলে খেলাই উচিত না। ওর পরিবর্তে একাদশে একজন পেসার খেলানো ভালো হবে। ওর সিদ্ধান্ত ও নিজেই নেয়। ও (আগে) ব্যাটিংয়ে না এসে দলকে হতাশ করেছে।’

২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন হরভজন সিং। তাই দলটির ভেতরের খবর ভালো করেই জানা আছে সাবেক ভারতীয় স্পিনারের। গতকালের ম্যাচে সুযোগ থাকার পরেও ধোনি কেন আগে ব্যাটিং করলেন না, এটা মানতে পারছেন না হরভজন, ‘শার্দুল ঠাকুর ওর আগে ব্যাটিংয়ে এল। ঠাকুর মোটেও ধোনির মতো শট খেলতে পারে না। আমার বুঝে আসে না, ধোনি কেন এমন ভুল করল। (চেন্নাইতে) ওর অনুমতি ছাড়া কিছুই হয় না। আমি এটা মানতে রাজি নই যে, ধোনিকে অন্য কেউ পরে ব্যাটিং করতে বলেছে।’

হরভজন আরও বলেছেন, ‘চেন্নাইয়ের দ্রুত রান তোলার দরকার ছিল। ধোনি আগের ম্যাচগুলোতে এটা করে দেখিয়েছে। তাই পাঞ্জাবের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ওকে ব্যাটিংয়ে নিচের দিকে দেখাটা হতাশার। চেন্নাই যদি আজকের ম্যাচ জেতেও, তারপরও আমি ধোনিকে নিয়ে কথা বলব। মানুষ যা খুশি বলতে পারে (ধোনির সমালোচনা করায়)। কিন্তু আমি সঠিকটা বলব।’

উল্লেখ্য, খেলার মাঝপথে স্টার স্পোর্টসে এসব বলছিলেন হরভজন। ধোনি নয় নম্বরে নেমে শূন্য রানে আউট হলেও শেষপর্যন্ত চেন্নাই ম্যাচটা জিতেছে ২৮ রানে।