আইসিসি ট্রফিতে নান্নু-সুজনদের সঙ্গে খেলা ৪৩ বছরের এনসুবুগা গড়লেন বিশ্বকাপে কিপটেমির রেকর্ড

বিশ্বকাপ দলে জায়গা পেয়েই চমকে দিয়েছিলেন ৪৩ বছর বয়সী ফ্র্যাঙ্ক এনসুবুগা। তবে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামা হয়নি তাঁর। আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে নেমেছিলেন এবং নেমেই অনন্য এক রেকর্ডের সঙ্গী হলেন।

আজ নবম ওভারে প্রথম বল করতে এসে ২ রান দিয়েছেন অফ স্পিনার এনসুবুগা।  নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি যখন চার্লস আমিনিকে ফাঁকি দিয়ে লেগ স্টাম্পে আঘাত হানল, তখনই রেকর্ড বই নিয়ে নাড়াচাড়া করতে হলো। মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ৪৩ পেরিয়ে যাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট পেলেন এনসুবুগা।

৪৩ বছর ২৮২তম দিনে বিশ্বকাপ অভিষিক্ত এনসুবুগার চেয়ে বেশি বয়সে উইকেট পেয়েছেন মাত্র একজন। ২০১৬ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে দুই উইকেট পেয়েছিলেন হংকংয়ের অফ স্পিনার রায়ান ক্যাম্পবেল। তবে ৪৪ বছর ৩২ দিন বয়সে উইকেট পাওয়া ক্যাম্পবেল আদতে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলে পরে হংকংয়ে থিতু হয়েছেন। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের জার্সিতে যেমন দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনকে।

কিন্তু আজ দুই ওভারে কোনো রান না দিয়ে দুই উইকেট নেওয়া এনসুবুগার গল্পটা ভিন্ন।

            

৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড গড়েছেন এনসুবুগা। ২০টি ডট বল দিয়ে অজন্তা মেন্ডিসের ২০১২ সালে গড়া রেকর্ডের পাশে বসা এই অফ স্পিনারে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ১৬ বছর বয়সে। তবে ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে এনসুবুগা খেলেছিলেন পূর্ব ও মধ্য আফ্রিকার হয়ে। ১৯৯৮ সালে পূর্ব ও মধ্য আফ্রিকার যৌথ দল থেকে বেড়িয়ে আসে উগান্ডা।

২০০৪ সালে নামিবিয়ার বিপক্ষে প্রথম শ্রেণীর ম্যাচের অভিষেকে দেশকে জয় উপহার দিয়েছিলেন এনসুবুগা। তবে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে আরও দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে তাঁকে। ২০১৯ সালের ২০ মে বতসোয়ানার বিপক্ষে দেশের অভিষেক টি-টোয়েন্টি ম্যাচের একাদশে ছিলেন। সেদিন কোনো বল খেলার সুযোগ না পেলেও দুই উইকেট পেয়েছিলেন।

আর আজ তো টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেই জায়গা করে নিলেন।