দুঃস্বপ্নের মতো একটা বিশ্বকাপ কাটাচ্ছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটে নিউজিল্যান্ডের।
বিদায় নিশ্চিত হওয়ার পরে অবশেষে জ্বলে উঠেছে কিউইরা। আজ নিজেদের তৃতীয় ম্যাচে উগান্ডাকে ৪০ রানে অলআউট করে ৫.২ ওভারেই ৯ উইকেট হাতে রেখে স্বস্তির জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ ম্যাচে কিউইদের ধসিয়ে দিতে বড় অবদান রাখেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী বাঁ-হাতি পেসার।
ম্যাচ শেষে বোল্ট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটাই তাঁর ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভবিষ্যতে সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক টুর্নামেন্টে আর কখনো দেখা যাবে না তাঁকে।
বোল্ট অবশ্য অনেকদিন ধরেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তির বাইরে। পরিবারকে সময় দিতে ২০২২ সালে স্বেচ্ছায় জাতীয় দলের চুক্তি থেকে সরে দাঁড়ান। তবে একেবারে নিউজিল্যান্ডের জার্সি তুলে রাখেননি। বরং বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার পাশাপাশি বেছে বেছে জাতীয় দলের ম্যাচ খেলে যাচ্ছিলেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী বড় বড় টুর্নামেন্টে ঠিকই অংশ নিতেন। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ও চলমান টি-টোয়েন্টি সেটারই উদাহরণ। তবে এরপর থেকে আর কোনো বিশ্বকাপে বোল্টকে দেখা যাবে না।
আজ উগান্ডার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে বোল্ট বলেছেন, ‘নিজের কথা যদি বলি, এটাই হতে যাচ্ছে আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।’
যদিও বোল্ট কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার কথা উল্লেখ করেছেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপ হবে তার পরের বছর, অর্থাৎ ২০২৭ সালে। যেহেতু ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা যাবে না বোল্টকে, তাহলে ধরেই নেওয়া যায়, পরের বছরের ওয়ানডে বিশ্বকাপেও খেলবেন না তিনি।
আগামী সোমবার পাপুয়া নিউগিনির বিপক্ষে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসের জার্সিতে এটাই হতে যাচ্ছে বিশ্বকাপে বোল্টের শেষ ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে ৩২ উইকেট নিয়েছেন বোল্ট। ব্যাটসম্যানদের টুর্নামেন্টেও ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.০৭ রান। বিশ্বকাপের এ সংস্করণে সর্বোচ্চ ১০ উইকেট শিকারির মধ্যে যা দ্বিতীয় সেরা। বোল্টের চেয়ে ওভার প্রতি কম রান (৫.৯৮) দিয়েছেন কেবল হাসারাঙ্গা।
দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের কথা উঠলেই বোল্টের সঙ্গে নাম আসে টিম সাউদির। আজ উগান্ডার বিপক্ষে বোল্টের মতো জ্বলে উঠেছেন সাউদিও। সাউদি ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুজনে ৮ ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন।
বোলিং জুটি নিয়ে সাউদি সম্পর্কে বোল্ট বলেছেন, ‘টিমের (সাউদির) সঙ্গে জুটিটা আমার স্মৃতি হয়ে থাকবে। আমরা একসঙ্গে অনেক ওভার বোলিং করেছি। এই জুটি সম্পর্কে আমি ভালো জানি। অবশ্যই সে মাঠ ও মাঠের বাইরে আমার ভালো বন্ধু। পুরোনো দিনের মতো একসঙ্গে বোলিং করা, শুরুতে কিছুটা সুইং পেতে দেখায় ভালো লাগছে। দারুণ স্মৃতি, আশা করছি সামনেও এমন সময় কাটাতে পারব।’
বিশ্বকাপে নিউজিল্যান্ডের এবারের দলটা অভিজ্ঞতায় ভরপুর। কিন্তু সে অভিজ্ঞতা কাজে লাগেনি। বৈশ্বিক টুর্নামেন্ট দেশে ফেরার সময় নিউজিল্যান্ড দলের মাত্র ৩ জন ক্রিকেটারের বয়স ৩০ এর কম থাকবে। বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ড অধিনায়ক ট্রেন্ট বোল্টকে জিজ্ঞাসা করা হয়েছিল, এটাই একটা জেনারেশনের শেষ বিশ্বকাপ কিনা। জবাবে উইলিয়ামসন বলেছিলেন, ‘না। তেমনটা মনে হয় না। অনেকেই আছে, যারা আরও কিছুদিন খেলবে।’
উইলিয়ামসনের সেই মন্তব্যের কিছুদিনের মধ্যেই বোল্টের বদলি খুঁজতে হবে নিউজিল্যান্ডকে।