বাংলাদেশের বিপক্ষে ‘অডিশনে’র পর চূড়ান্ত দায়িত্বও পেয়ে গেলেন

টি-টোয়েন্টির ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন চারিত আসালাঙ্কা। ২৭ বছর বয়সী আসালাঙ্কাকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আসালাঙ্কা অবশ্য এর আগেও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। এ বছরের শুরুতে লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা নিষিদ্ধ থাকার সময় বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিলেন আসালাঙ্কা। সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসকে শিরোপাও জিতিয়েছেন তিনি। ওয়ানডের নেতৃত্বে কুশল মেন্ডিস, আগের মতোই টেস্টে অধিনায়কত্ব করবেন ধনাঞ্জয়া ডি সিলভা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভরাডুবির পর অধিনায়কত্ব ছেড়ে দেন হাসারাঙ্গা।

এদিকে, প্রায় ২ বছর পর লঙ্কান টি-টোয়েন্টি দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল। ২০২২ সালে সর্বশেষ শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

আগামী শনিবার ক্যান্ডির পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গত সোমবারই শ্রীলঙ্কা পৌঁছেছে ভারতীয় দল। এ সিরিজে ভারতও খেলবে নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে। টি-টোয়েন্টি সিরিজের পর ২ আগস্ট কলম্বোয় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলঃ
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাতিরানা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।