গ্লোবাল টি-২০ কানাডায় গত শুক্রবার হঠাৎ প্রতিবাদী এক সাকিব আল হাসানের দেখা মিলেছিল। টুর্নামেন্টের এলিমিনেটরে সুপার ওভার খেলতে বলায় টস করতেই যাননি অধিনায়ক সাকিব। তাতে তাঁর দল বাংলা টাইগার্স মিসিসগা বাদ পড়ে যায় টুর্নামেন্ট থেকে।
বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলে লিগের তৃতীয় হওয়া মিসিসগা উঠে যেত কোয়ালিফায়ার দুইয়ে। কিন্তু আয়োজকরা অন্তত এক ওভারের জন্য মাঠে নামার প্রস্তাব দেয়। কিন্তু অন্তত পাঁচ বা দশ ওভার খেলার জন্য গোঁ ধরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ে মিসিসগা। এ নিয়ে অনিয়ম ও প্রচ্ছন্ন দুর্নীতির ইঙ্গিত দিতে চাইছিল দলটি। কিন্তু টুর্নামেন্ট কমিটি জানিয়েছে, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল টুর্নামেন্টের নিয়ম।
টুর্নামেন্টের প্রধান নির্বাহী জয় ভট্টাচার্য ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা চেয়েছিলাম যেকোনোভাবে ফল বের করতে, এক ওভারের খেলায় হারাটা কষ্টদায়ক সেটা মেনেই। আর সবই নিয়মে ছিল।’ সে নিয়ম কেন বিবৃতির মাধ্যমে না দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হয়েছিল, ‘দ্রুত কার্যকর হওয়ার জন্য ম্যানেজারদের গ্রুপে সেটা দেওয়া হয়েছিল, এরপর থেকে সব আপডেট ওই গ্রুপেই দেওয়া হয়েছে।’
সেদিন প্রথম কোয়ালিফায়ার বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা মন্ট্রিয়ল টাইগার্স ফাইনালে উঠে যায়। কিন্তু এলিমিনেটরের ক্ষেত্রে অন্তত সুপার ওভার আয়োজন করতে বদ্ধ পরিকর ছিল আয়োজকরা।
ভট্টাচার্য বলেছেন, সুপার ওভারের নিয়ম আগ থেকেই ছিল, ‘শুধু বাংলা টাইগার্সের জন্য সুপার ওভার আনা হয়েছে এমন না। দুই ম্যাচের জন্যই ছিল। কিন্তু প্রথম ম্যাচে তা ব্যবহার করা সম্ভব ছিল না। আর দ্বিতীয় ম্যাচে দিনের অনেক পরের দিকে হওয়ায় মাঠকর্মীরা একটু কাজ করতে পেরেছে।’
দুই দলের কাছে বার্তা দেওয়া হয়েছিল স্থানীয় সময় ৭টা ১০ মিনিটে টস হবে, সাড়ে সাতটায় শুরু হবে সুপার ওভার। আর ৭ টা ৫০ মিনিটের মধ্যে সুপার ওভার শুরু করা না গেলে সাকিবদের দল কোয়ালিফায়ার দুইয়ে চলে যেত।
ভট্টাচার্য বলেছেন, বাংলা টাইগার্স অন্তত পাঁচ ওভারের ম্যাচ খেলার গোঁ ধরেছিল। কিন্তু তা করতে রাজি হয়নি টুর্নামেন্ট কমিটি, ‘চাইলেই যদি নিয়ম পরিবর্তন করা হয়, তাহলে আর লিগের গ্রহণযোগ্যতা থাকে? আমরা যদি একটা দলের জন্য তা করলে, ব্রাম্পটন ওলভসেরও কারণ থাকত সরাসরি ফাইনাল খেলার দাবি করার। ’
সাকিবদের ওভাবে খেলতে না চাওয়ায় লাভ হয়েছে টরন্টো ন্যাশনালসের। তারা চলে গেছে কোয়ালিফায়ার দুইয়ে। মজার ব্যাপার, পরদিন কোয়ালিফায়ার দুই খেলতে গিয়েছিলেন সাকিবরাও। কিন্তু তাদের জানিয়ে দেওয়া হয়, নিয়ম বদলানোর উপায় নেই।
টরন্টো কোয়ালিফায়ারে ব্রাম্পটনকে হারিয়ে শুধু ফাইনালেই যায়নি, গতকাল মন্ট্রিয়লকেও হারিয়ে টুর্নামেন্ট জিতে নিয়েছে তারা।