বাবরের দিকে চোখ শরীফুলের

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী ২১ আগস্ট রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে নামবেন নাজমুল হোসেন শান্তরা। আজ পাকিস্তানে পেসার শরীফুল ইসলাম আসন্ন সিরিজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

সেখানে নিজের একটা ইচ্ছার কথা জানিয়েছেন শরীফুল, ‘আমার মতে, বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই দ্রুত তাঁর উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তাঁর সঙ্গে এলপিএল খেলেছি৷ মানুষ হিসেবেও তিনি খুব ভালো।’

পাকিস্তানের মাটিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০২০ সালে। চার বছর পর আবার সাদা পোশাকের ক্রিকেটে কন্ডিশন শান্তদের সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।

তবে পেসার শরীফুল চান কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে, ‘পাকিস্তানে আমরা অত বেশি ক্রিকেট খেলিনি। তাই আমাদের একটু বাড়তি মানিয়ে নিতে হবে। বিশেষ করে রাওয়ালপিন্ডির উইকেটের সঙ্গে।’