প্রায় এক সপ্তাহজুড়ে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় নাটক কম হচ্ছে না। যার কেন্দ্রে সাকিব আল হাসানের ‘বিদায়ী’ টেস্ট ও জাতীয় দলের কোচিংয়ে পরিবর্তন। গত মঙ্গলবার চন্ডিকা হাথুরুসিংহেকে সাময়িক বহিষ্কার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), এরপরই অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ফিল সিমন্সকে।
আগামীকাল সোমবার সকালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু হতে যাচ্ছে সিমন্সের। এ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে নাজমুল হাসান শান্ত জানান, নতুন কোচ- পুরোনো কোচের হিসেব মেলাতে চান না তিনি।
নতুন কোচের সঙ্গে এ পর্যন্ত কী কী পরিকল্পনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘যেহেতু (নতুন কোচ) পাঁচদিন আগে এসেছেন, খুব বেশি পরিকল্পনা এখন পর্যন্ত দেননি। উনি নতুন মানুষ, সবকিছু বোঝার চেষ্টা করছেন। আমরা যারা খেলোয়াড়রা আছি বা আমি অধিনায়ক হিসেবে আমি জানি যে কী করতে চাই।’
আগের কোচ-নতুন কোচ এসব না ভেবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে চান শান্ত, ‘এই টেস্টে আমাদের দল কীভাবে খেলতে চায়। প্রতিটা খেলোয়াড় তার ভূমিকা সম্পর্কে অবগত আছে। কোচকে আমি আমার পরিকল্পনা শেয়ার করেছি, যাতে কোচ একমত। আমরা যেহেতু এই মাঠে অনেক ম্যাচ খেলেছি আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা আছে; সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাব। আগের কোচ বা এই কোচ, এত কিছু মেলানোর প্রয়োজন আমি মনে করি না। কারণ খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ এই মাঠে খেলার ব্যাপারে।’
যে অভিযোগে হাথুরুসিংহেকে ছেড়ে দেওয়া হয়েছে, তার একটা ছিল সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ। তবে শান্ত জানালেন, এ প্রসঙ্গে কিছুই জানেন না তিনি। শান্তর ভাষায়, ‘আমি এই ব্যাপারে আসলে জানিই না। সত্যি বললাম, আমি জানি না। ’
আপাতত মাঠের ক্রিকেটের বাইরে কিছু ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক, 'আমার মনে হয়, দল বাইরের জিনিসগুলো নিয়ে ভাবছে না। আগামীকাল খেলা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরা আগে কখনো জিতিনি। আমাদের ঘরের মাঠে খেলা, আমরা ঘরের মাঠে ভালো দল। আমি মনে করি, এটা আমাদের জন্য দারুণ কিছু করার ভালো সুযোগ।’