বাংলাদেশকে প্রথমবারের মতো সিরিজ হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য ফলাফল। বিশ্বকাপে পাকিস্তান ও কানাডাকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ভিন্ন মাত্রায় চলে যায়। পাকিস্তানকে হারানোর মাধ্যমে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমবার বিশ্বকাপে ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করেছিল আমেরিকা, চলে গিয়েছিল বিশ্বকাপের সুপার এইটে।
কিন্তু সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার কারিগর জাতীয় ক্রিকেট দলের হেড কোচকেই এবার দায়িত্ব থেকে ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্র।
গুরুতর একাধিক অভিযোগ এনে হেড কোচ স্টুয়ার্ট ল-কে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের লিগ টায়ার-২ এর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের হারের পর আজ তাঁকে ছাঁটাই করা হয়েছে।
গতকাল হারলেও গত এক বছরে দারুণ সব সাফল্যের দেখা পেয়েছে যুক্তরাষ্ট্র। এরপরও কেন হঠাৎ ছাঁটাই হলেন কোচ? এই প্রশ্নের উত্তরে উঠে এসেছে ভয়াবহ তথ্য।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে ল-র ছাটাইয়ের কারণ জানিয়েছে। যেখানে দলের ভেতর কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মিলে অন্তর্কোন্দলের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, দলের ভেতর বৈষম্য, বিভেদ, অবিশ্বাস ও নিজের পছন্দের খেলোয়াড়দের জায়গা দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এইসব কাণ্ডে কোচকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক মোনাক প্যাটেলসহ আরও ৭-৮ জন সিনিয়র ক্রিকেটার।
মূলত বিশ্বকাপের পর নেদারল্যান্ড সফর থেকেই ল-এর বিরুদ্ধে এমন অভিযোগ আসা শুরু করে। তবে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করে। এবং সম্প্রতি নামিবিয়া সফরে ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক একটি তদন্ত চালায়।
বিশ্বকাপের আগে কানাডাকে ৪-০ ব্যবধানে হারানোর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপেও সাফল্য ধরা দেয় -প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই কানাডা ও পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল দেশটির ক্রিকেট।
তবে চলতি মাসে ঘরের মাঠে নেপালের সঙ্গে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ ও গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের লজ্জার হারে ল-কে বিদায় করতে দ্বিতীয়বার ভাবেনি যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড।
যুক্তরাষ্ট্রের দায়িত্ব পালনের আগে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন স্টুয়ার্ট ল। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের বরখাস্তের পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন সহকারী কোচ ভিনসেন্ট বিনয় কুমার।