বাংলাদেশের দাপট দেখাল, ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল ২৪২ রানে  

বাংলাদেশ অবাক করেছে দিন শুরুর আগেই ইনিংস ঘোষণা দিয়ে। ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে গতকাল দিন শেষ করেছিল, অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে নামার আগেই বাংলাদেশ সবাইকে বিস্ময়ে ভাসিয়ে জানিয়ে দেয়, প্রথম ইনিংসের শেষ সেখানেই ঘোষণা করা হলো

তাতে চ্যালেঞ্জটা বাড়ল বই কমল না! ১৮১ রানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে সহনীয় মাত্রার লক্ষ্যের মধ্যে আটকে রাখতে হলেও দ্বিতীয় ইনিংসে অসাধারণ বোলিং করতে হতো বাংলাদেশকে। চতুর্থ দিনের প্রথম সেশনে অবশ্য বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম সে কাজটা দারুণভাবেই করতে পেরেছেন।

এই প্রতিবেদন লেখার সময়ে ৩ উইকেটে ৬১ রান নিয়ে লাঞ্চে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যে ২৪২ রানে এগিয়ে তারা।

তাসকিন আর শরীফুলের দারুণ বোলিংয়ের সামনে উইন্ডিজ ব্যাটসম্যানরা খোঁচাখুঁচি করেই আউট হয়েছেন। তিনটি উইকেটই পড়েছে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। পঞ্চম ওভারে মিকাইল লুইস (৮) আউট হলেন তাসকিনের বলে উইকেটকিপার লিটন দাসের ক্যাচ হয়ে। ১১তম ওভারে কেসি কার্টিকে (৩) স্লিপে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ বানালেন তাসকিনই। এর পরের ওভারেই আবার উল্লাস বাংলাদেশের, শরীফুলের বলে স্লিপে জয়ের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন ক্রেইগ ব্রাথওয়েইট (২৩)।

এরপর অবশ্য কাভেম হজ (১০*) আর অ্যালিক অ্যাথানাজে (১৬*) মিলে চতুর্থ উইকেটে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ২২ রানের জুটি লাঞ্চের আগে আর মাথাব্যথা বাড়াননি উইন্ডিজের।

বাংলাদেশ অবশ্য তিন উইকেট তুলে নেওয়ার আগেই ইনিংসে দুটি দারুণ সুযোগ হাতছাড়া করেছে। তৃতীয় ওভারে তাসকিনের বলে প্রথম স্লিপে ক্রেইগ ব্রাথওয়েইটের সহজ ক্যাচ হাতছাড়া করেছেন শাহাদাত হোসেন দীপু, সে সময়ে ব্রাথওয়েইটের রান ছিল ৯, ওয়েস্ট ইন্ডিজের ১০। এর পরের বলেই লুইসকে এলবিডাব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ার পর বাংলাদেশ আর রিভিউ নেয়নি। কিন্তু পরে রিপ্লেতে দেখা গেছে, রিভিউ নিলে সে সময়ে ১ রানে থাকা লুইসকে আউট করতে পারত বাংলাদেশ।