২৮ বলে ৭ চার ১১ ছক্কায় সেঞ্চুরি – আইপিএলে দাম না পেলেই তিনি চার-ছক্কায় ঝাল মেটান  

টানা দুই বছরে তাঁর সঙ্গে একই রকম কাণ্ড ঘটল – আইপিএলে দাম পেলেন না। টানা দুই বছর এরপর তিনি মাঠে নামলেন ২৭ নভেম্বর দিনটিতে। টানা দুই বছরেই আইপিএলের ঝাল তিনি মেটালেন প্রতিপক্ষ বোলারদের ওপর চার-ছক্কার বন্যা বইয়ে, রেকর্ডবই নিয়ে টানাটানিতে বাধ্য করে!

গুজরাটের ওপেনার উরভিল প্যাটেলের সম্ভবত আইপিএলের দিক থেকে ধাক্কা আর ২৭ নভেম্বর দিনটা না এলে ‘মুড’ আসে না! তাঁর নতুন রেকর্ড – ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজ মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেছেন, যা টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম, ভারতীয়দের মধ্যে দ্রুততম।

এর আগে গত বছর ঠিক ২৭ নভেম্বর দিনটিতেই উরভিল গড়েছিলেন ওয়ানডেতে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে।

তা এর সঙ্গে আইপিএলের দিক থেকে ধাক্কার যোগ কোথায়? গত বছর আইপিএলের দল গুজরাট টাইটানস তাঁকে বাদ দিয়েছিল, এর একদিন পর ওয়ানডেতে ৪১ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন উরভিল। আর এবার দুদিন আগে হয়ে যাওয়া আইপিএলের নিলামে তাঁকে ঘিরে কোনো দল আগ্রহই দেখায়নি, অবিক্রিত থেকে যান উরভিল। এরপর আজ ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ত্রিপুরার বিপক্ষে নেমেছেন এই ২৬ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান, এবং গড়ে ফেলেছেন টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের, ভারতীয় বংশোদ্ভুত এই এস্তোনিয়ান ব্যাটসম্যান গত জুনে সাইপ্রাসের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ২৭ বলে। এরপর আজ উরভিল বসে গেলেন তালিকার দুই নম্বরে। ভারতীয়দের মধ্যে উরভিলের চেয়ে দ্রুতগতির সেঞ্চুরি টি-টোয়েন্টিতে আর কারও নেই। এর আগের রেকর্ডটি ছিল ঋষভ পন্তের, সৈয়দ মুশতাক আলী ট্রফিতেই হিমাচলের বিপক্ষে দিল্লির হয়ে ৩২ বলে পন্তের সেঞ্চুরির ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের জানুয়ারিতে।

ত্রিপুরার দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে আজ ব্যাট করতে নামা গুজরাট ১০.২ ওভারেই ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায়। উরভিল যে সেঞ্চুরিতেই না থেমে শেষ পর্যন্ত ৩৫ বলে ৭ চার ১২ ছক্কায় ১১৩ রানে অপরাজিত ছিলেন। তাঁর ছক্কাগুলোর বিন্যাসও কী দারুণ! তিনটি কাভারে, তিনটি ‘ভি’ অঞ্চলে, চারটি মিডউইকেটে, একটি স্কয়ার লেগে। ১২ ছক্কার চারটিই তিনি মেরেছেন ত্রিপুরা অধিনায়ক মানদীপ সিংয়ের বলে।

মানদীপের ৫ বলে ২৪ রান নেওয়া উরভিল বাকি বোলারদেরও ছাড় দেননি। অভিজিত সরকারের ৯ বলে নিয়েছেন ২৬ রান, শঙ্কর পলের ৪ বলে ১৭, মনিশঙ্কর মুরাসিংয়ের ১০ বলে নিয়েছেন ২৮ রান।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর আইপিএলের দল গুজরাট থেকে বাদ পড়েছিলেন উরভিল। সেবার অবশ্য আইপিএলে গুজরাটের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর। তা দল থেকে বাদ পড়ার পরের দিন ভিজয় হাজারে ট্রফিতে নেমে উরভিল ৪১ বলে সেঞ্চুরি করেছেন। ১ বলের জন্য ভারতীয়দের মধ্যে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ছোঁয়া হয়নি সেবার। সে রেকর্ড ইউসুফ পাঠানের দখলে (৪০ বলে)।