প্রথম ম্যাচে জাপানকে ৫২ রানে আটকে দিয়ে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ, তবে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়েও হার ২ উইকেটে। মালয়েশিয়ায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রথম দুই ম্যাচে মুদ্রার দুই পিঠই দেখা হয়ে যায়।
তবে মাঝের ধাক্কার পর আজ আবার জিতেছে বাংলাদেশ, তাতে পরের পর্বেও ওঠা নিশ্চিত হয়ে গেছে। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়েছেন সুমাইয়া আক্তাররা। মালয়েশিয়ার বাঙ্গিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ। এরপর রান তাড়ায় নামা স্কটল্যান্ডকে আটকে দেয় ১০২ রানে। এ জয়ে বাংলাদেশের মেয়েরা পেয়ে গেছেন সুপার সিক্সের টিকিট।
সুপার সিক্সে বাংলাদেশ ১ নম্বর গ্রুপে খেলবে। এ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে চারটি দল যাবে সেমিফাইনালে।
আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা আজ ভালো ছিল না। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ইনিংসের দ্বিতীয় বলে এলবিডাব্লিউ হন ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। এরপর তিনে নামা জুরাইরিয়ার সঙ্গে ২৬ রানের জুটি গড়েন আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া।
ইনিংসের সপ্তম ওভারে ছোঁয়া (১৪) রান আউট হলেন। চারে নামা সাদিয়াও (৬) ইনিংসকে টেনে বড় করতে পারেননি, অষ্টম ওভারে দলকে ৩৭ রানে রেখে ক্রিস্টি ম্যাকলের বলে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ওভারে বিদায় নেন জুরাইরিয়াও (২০)। জান্নাতুল মাওয়া (১) উইকেটে গিয়ে থিতুই হতে পারেননি। বাংলাদেশের রান ৫০ হতেই উইকেটের ঘরে সংখ্যাটা ৫-এ চলে যায়।
সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক সুমাইয়া। আফিফা আসিমাকে সঙ্গে নিয়ে ৩৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার সঙ্গে দলের সংগ্রহটাকেও বাড়ানোর দায়িত্বটা পালন করেন তিনি। তবে ইনিংসের ১৬তম ওভারে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। ওভারের তৃতীয় বলে আসিমাকে বোল্ড করেন মাসেইরা (২১)। একই ওভারের পঞ্চম বলে স্টাম্পড হন সাদিয়া ইসলাম (০)। শেষদিকে রানের সংখ্যাটা ইনিংসের বলের সমান হয় অধিনায়ক সুমাইয়ার অপরাজিত ২৮ রানের সুবাদে।
এ রান তাড়ায় নেমে বিনা উইকেটে ১৯ রান তোলার পর স্কোরবোর্ডে রানের সংখ্যাটাকে একই জায়গায় রেখে পরপর দুই উইকেট হারায় স্কটল্যান্ড। তবে তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান তুলে স্কটল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখন পিপ্পা স্প্রাউল ও নিয়াম মুইর। ইনিংসের ১৫তম ওভারে মুইরকে (২২) ফিরিয়ে জুটি ভাঙেন হাবিবা ইসলাম। এ ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্কটল্যান্ড। অন্য প্রান্তে পিপ্পা ৪৩ রানের ইনিংস খেললেও স্কটিশদের আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে হাতে ১ উইকেট থাকলেও জয় থেকে ১৮ রান দূরেই থামে স্কটিশদের ইনিংস।
স্কটল্যান্ডকে আটকে দেওয়ার পথে বল হাতে ২৫ রানে ৪ উইকেট নিয়ে বড় অবদান রাখেন আনিসা আক্তার সোবা। এছাড়া নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।