বলছেন বিসিবি সভাপতি

বিপিএল শেষ করে দেওয়ার জন্য রাজশাহীর কর্মকাণ্ডই যথেষ্ট

মাঠের খেলা ছাপিয়ে এবারের বিপিএল বরং বেশি আলোচনায় নানান বিতর্কে। আর সে বিতর্কের বেশির ভাগের সঙ্গে জড়িয়ে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যু, চুক্তি অনুযায়ী অর্থ না পেয়ে খেলোয়াড়দের অনুশীলন বয়কট, বিদেশিদের ম্যাচ বয়কট, একাদশে বিদেশি ছাড়াই খেলতে নামা, বারবার চেক বাউন্স, ম্যাচের দিন হোটেল বদল– একের পর এক বিতর্কে বিপিএলজুড়েই আলোচনায় ছিল প্রথমবারের মতো খেলতে আসা ফ্র্যাঞ্চাইজিটি।

সর্বশেষ সে তালিকায় যোগ হয়েছে স্পট ফিক্সিংয়ের অভিযোগ। এমনকি দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার খবরও ছড়িয়ে পড়ে গতকাল। পরে অবশ্য সন্ধ্যায় এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বিজয়ের ওপর এমন নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু জানে না তারা। এর কিছু সময় পর, রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছে, এবার টুর্নামেন্ট জুড়ে রাজশাহী যা করেছে, টুর্নামেন্টকে শেষ করে দিতে তারাই যথেষ্ট।

এক সময় আইপিএলের পরে নাম নেওয়া হতো বিপিএলের। কিন্তু সময় যত গড়িয়েছে, ক্রমাগত মান নীচের দিকে নেমেছে ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের। এমনিতেই এবারের বিপিএলে বিদেশিদের মধ্যে খুব বেশি বড় নামের উপস্থিতি ছিল না।

শাহিন শাহ আফ্রিদি-কাইল মেয়ার্স কিংবা অ্যালেক্স হেলস-খুশদিল শাহরাই ছিলেন পরিচিত মুখ। কিন্তু তারাও চলে গেছেন চলে গেছেন টুর্নামেন্টের মাঝপথেই। কেউ কেউ আবার বেছে নিয়েছেন আইএল টি-টোয়েন্টি কিংবা এসএ-২০ কে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফাইল ছবি

এমনিতেই বিদেশি সঙ্কট, তারওপর রাজশাহী এবার পারিশ্রমিক ইস্যুতে যা করেছে, তাতে বিপিএলের ভাবমূর্তি তো নষ্ট হয়েছেই, ভবিষ্যতে বিপিএলে খেলতে মানসম্পন্ন বিদেশিরা আসবেন কিনা, সে নিয়েও শঙ্কা জাগছে।

গতকাল রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথাতেও উঠে এসেছে রাজশাহীর কথা। তবে এবারের ধাক্কা কাটিয়ে পরের বিপিএলে ভালো করার প্রত্যয় জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘রাজশাহী যা করেছে, একটা টুর্নামেন্ট শেষ করে দিতে তারাই যথেষ্ট! তবে আজ থেকে পাঁচ মাস আগে পরিস্থিতি ভিন্ন ছিল। তখন আমাদের জানানোর দরকার ছিল, বিপিএল হবে কি হবে না। ভাবমূর্তি খারাপ হয়েছে, স্বীকার করে নিচ্ছি। তবে এখান থেকে বের হয়ে আসব। আগামী বিপিএলে দেখবেন।’