বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের অপসারণের পেছনে একাধিক কারণ দেখানো হয়েছিল। যার মধ্যে অন্যতম বিসিবির ৮ জন পরিচালকের অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে দেওয়া চিঠি।
সেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে একাধিক ইস্যুতে স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়েছিল। সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের ক্ষেত্রেও একক সিদ্ধান্ত নিয়েছিলেন ফারুক- চিঠিতে উল্লেখ করেছিলেন পরিচালকরা।
গতকাল বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন।
লঙ্কান এই কোচ নিজের লিংকডইন প্রোফাইলে বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে উদ্দেশ্য করে দেওয়া সেই পোস্টে ক্রিকইনফোর এক প্রতিবেদনকে সামনে এনেছেন। যেখানে ফারুকের অপসারণের পেছনের কারণ উল্লেখ আছে।
হাথুরুসিংহে সেই প্রতিবেদনের লিংক শেয়ার করে তাঁর প্রোফাইলে লেখেন, ‘ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী আমার চলে আসা এখন আরও বড় ঘটনার অংশ। আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় চলে এসেছি। ইএসপিএন ক্রিকইনফো'র এই প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের পেছনে একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান মাঠে এবং মাঠের বাইরে সবসময়ই গুরুত্বপূর্ণ।’
মূলত ২০২৩ বিশ্বকাপে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলে বরখাস্ত করা হয়েছিল প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে। তবে হাথুরুসিংহে প্রকাশ্যে অনেকবার বলেছেন তিনি কোনো ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি।