সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ। তাঁর জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এ অপসারণ মানতে পারছেন না ফারুক আহমেদ।
অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গতকাল রোববার হাইকোর্টে রিট করেছেন ফারুক। পাশাপাশি নতুন সভাপতি বুলবুলের নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে ওই রিট আবেদনে। বিসিবির সদ্য সাবেক সভাপতির পক্ষে গতকাল সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন।
তবে আজ ফারুক আহমেদের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে বিপিএল সত্যানুসন্ধান কমিটি ও বিসিবির ৮ পরিচালকের অনাস্থার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতে বোর্ডের সভাপতির পদ হারান তিনি। পরদিন শুক্রবার বুলবুলকে পরিচালক পদে মনোনয়ন দেয় এনএসসি। পরে বোর্ড সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
এ দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই রিট করেছেন ফারুক। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।