‘ক্যাপ্টেন কুল?’ সে তো মাহেন্দ্র সিং ধোনিই! ক্যারিয়ারজুড়ে একের পর এক ম্যাচে উত্তেজনার সময়ে মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য ভারতের সাবেক অধিনায়কের এই স্বীকৃতি ক্রিকেটপ্রেমীমাত্রই দেবেন। স্বীকৃতিটা এবার কাগজে-কলমে ভারতের সরকারের কাছ থেকেও পেলেন ধোনি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রি অফিসে ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্কের জন্য আবেদন করেছিলেন ধোনি, সেটি আজ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে, নোটিশ দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে।
তবে এখনই ট্রেডমার্কটা ব্যবহার করতে পারবেন না ধোনি। ক্রিকইনফো জানাচ্ছে, গত ১৬ জুন ধোনির এই ট্রেডমার্কের আবেদনে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ট্রেডমার্ক রেজিস্ট্রি অফিস। সেদিন থেকে শুরু করে এর পরের ১২০ দিনের মধ্যে যদি এই স্বীকৃতি নিয়ে কোনো পক্ষের আপত্তি না ওঠে, তাহলেই কেবল ট্রেডমার্কটি নিজের নামে ব্যবহার করতে পারবেন ধোনি।
ক্রীড়াক্ষেত্রে অনুশীলন, কোচিং এবং খেলাধুলার ট্রেনিং ফ্যাসিলিটি ও সুবিধাদির তালিকায় ট্রেডমার্কটি নিবন্ধিত হয়েছে। তবে এই ট্রেডমার্ক পেতেও পাক্কা দুই বছরের একটা লড়াই করতে হয়েছে ধোনিকে।
এই ট্রেডমার্কের জন্য ধোনি প্রথম আবেদন করেছিলেন ২০২৩ সালের জুনে। সেই ট্রেডমার্ক নিয়ে পর্যবেক্ষণ করার পর রেজিস্ট্রি অফিস তখন ধোনিকে জানায় যে, প্রাভা স্কিল স্পোর্টস (ওপিসি) প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এরই মধ্যে ‘ক্যাপ্টেন কুল’ নিজেদের নামে নিবন্ধন করিয়ে রেখেছে। এর জবাবে ধোনি একটি সংশোধনের আপিল করেন। যেখানে প্রাভা স্কিলের বিরুদ্ধে অভিযোগে ধোনি লিখেছেন, ওই কোম্পানিটি তাঁর নামের সঙ্গে জড়িয়ে যাওয়া এই ট্রেডমার্কের ব্র্যান্ড ও জনপ্রিয়তা কাজে লাগিয়ে অনৈতিকভাবে আয় করার চেষ্টা করছে।
‘কোম্পানিটির (প্রাভা স্কিল) দিক থেকে অনৈতিক নিবন্ধনের একটা উদাহরণ এটা, যেখানে সুপরিচিত এক ব্যক্তির নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া এবং নিজেদের উপার্জন বাড়ানোর চেষ্টা করছে তারা’ – আবেদনে লিখেছেন ধোনি। চার দফায় শুনানির পর রেজিস্ট্রি অফিস তখন ধোনির আপিল গ্রহণ করে।
মাঠের বাইরে ব্র্যান্ড নিয়ে লড়ে যাওয়া ধোনির মাঠের ক্রিকেটের সঙ্গে সংশ্লেষ বলতে গত কয়েক বছরে শুধু আইপিএলই আছে। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে এ বছরও খেলেছেন তিনি। তবে তাঁর দল চেন্নাই সুপার কিংস এবার অবশ্য একেবারেই ভালো করতে পারেনি, আইপিএলে নিজেদের ১৬ বছরের ইতিহাসে এবারই প্রথম পয়েন্ট তালিকার তলানিতে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে চেন্নাই। আগামী ৭ জুলাই ৪৪-এ পা দিতে যাওয়া ধোনি আগামী বছরের আইপিএলে খেলবেন কি না, গত কয়েক বছরের মতো সেটা এবারও এক বড় জল্পনা-কল্পনার বিষয়।
এই মাসের শুরুর দিকে অবশ্য ধোনি আরেকটি বড় স্বীকৃতিও পেয়েছেন – জায়গা পেয়েছেন আইসিসির হল অব ফেইমে।