বাবর-শাহিন-রিজওয়ানকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

গত মে মাসের শেষ দিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। সে সময় পাকিস্তানের ১৬ সদস্যের দলে ছিলেন না বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এরপরও পাকিস্তান সিরিজটা জিতেছিল ৩-০ ব্যবধানে।

এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। আগামী ২০ জুলাই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। ওই সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের সিরিজের মতো এবারও পাকিস্তান দলে জায়গা হয়নি বাবর-শাহিন-রিজওয়ানের।

অনুমিতভাবে ১৫ সদস্যের দলে নেতৃত্বে থাকছেন সালমান আলী আঘা। তবে সহকারী অধিনায়ক শাদাব খান চোটের কারণে বাদ পড়েছেন। এছাড়া মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়ে চোট পাওয়া পেসার হারিস রউফকেও দলে রাখেনি পিসিবি।

এর পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার সালমান মির্জা। ৩১ বছর বয়সী এ পেসার সর্বশেষ পিএসএলে লাহোল কালান্দার্সের জার্সিতে ৪ ম্যাচে ১৫ গড় আর ওভারপ্রতি ৯.৬৪ রান দিয়ে নিয়েছেন ৯ উইকেট।

উল্লেখ্য, ২০ জুলাই মিরপুরে শুরু হওয়া সিরিজের পরের দুটি ম্যাচ ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

 

বাংলাদেশ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:

সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।