আইপিএলের প্রথম মৌসুমের ঘটনা। মোহালিতে তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) বিপক্ষে ম্যাচে ৬৬ রানে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ানস। শচীন টেন্ডুলকারের অনুপস্থিতিতে ওই ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন হারভাজান সিং। দলের হারে হতাশ হারভাজান ম্যাচ শেষে এক বিতর্কিত কাণ্ডের জন্ম দেন।
প্রতিপক্ষ দলের সঙ্গে করমর্দনের সময় শ্রীশান্তকে আচমকা চড় মেরে বসেন হারভাজান। অভিযোগ, মুম্বাইয়ের হারের পর হারভাজানকে হাসিমুখে ‘হার্ডলাক’ বলেছিলেন শ্রীশান্ত। আর এতে ক্ষিপ্ত হয়ে চড় মারেন হারভাজান। টিভি ক্যামেরায় সে সময় দেখা গিয়েছিল, শ্রীশান্তের চোখে পানি টলমল করছে। শ্রীশান্তের কান্নার দৃশ্য ভাইরাল হতে সময় নেয়নি। কুৎসিত সে ঘটনার জেরে মৌসুমের বাকি সময় আইপিএল থেকে নিষিদ্ধ হন হারভাজান।
এরপর বহু জল গড়িয়েছে। দুজনের মধ্যে সম্পর্কে টানপোড়েন তৈরি হলেও দেশের জার্সিতে পরে একসঙ্গে খেলেছেন। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন দুজন। সমালোচিত ‘স্ল্যাপগেট’ ঘটনার ১৭ বছর পর এসে ওই ঘটনার স্মৃতিচারণ করেছেন হারভাজান। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ‘অরাধবোধ ও অনুশোচনায়’ ভোগা ভারতীয় সাবেক স্পিনার জানিয়েছেন, ওই ঘটনার পর শ্রীশান্তের মেয়ে তাঁর সঙ্গে কথা বলতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। সুযোগ থাকলে ওই ঘটনাটা জীবন থেকে মুছে ফেলতে চান হারভাজান।
সম্প্রতি রাভিচন্দ্রন আশউইনের ইউটিউব চ্যানেলে ‘কুট্টি স্টোরিস’ অনুষ্ঠানে হারভাজানের কাছে আশউইন জানতে চান, জীবনের কোন ঘটনা মুছে ফেলতে চান। জবাবে হারভাজান বলেছেন, ‘আমার জীবন থেকে একটা জিনিস বদলানোর সুযোগ পাই, সেটা হবে শ্রীশান্তের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা। ক্যারিয়ার থেকে ওই ঘটনাটা মুছে ফেলতে চাই। ওইদিন যা ঘটেছিল, সেটা ভুল ছিল। আমার ওটা করা উচিত হয়নি। আমি অন্তত ২০০ বার ক্ষমা চেয়েছি। এত বছর পরেও আমার মধ্যে খারাপ লাগাটা কাজ করে। যখনই সুযোগ পাই, আমি ওটা নিয়ে ক্ষমা চাই। ওটা আমার বড় একটা ভুল ছিল।’
ওই ঘটনা হারভাজানের ওপর কেমন প্রভাব ফেলেছিল, সে প্রসঙ্গে সাবেক ভারতীয় স্পিনার বলেছেন, ‘কয়েক বছর পর শ্রীশান্তের মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। আমি অনেক আবেগ নিয়ে ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু ও বলল, “আপনার সাথে কথা বলার ইচ্ছা নেই, আপনি আমার বাবার গায়ে হাত তুলেছেন।” এটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। (শ্রীশান্তের মেয়ের কথায়) আমার হৃদয় দুমড়ে-মুচড়ে গিয়েছিল। চোখের পানি আটকে রাখতে পারিনি। নিজেকে জিজ্ঞেস করেছিলাম, ওর ওপর কী ছাপ ফেলেছি? ও নিশ্চয়ই আমাকে খারাপ মানুষ হিসেবে দেখে, তাই না? সে আমাকে ওর বাবার গায়ে হাত তোলা লোক হিসেবে দেখে। আমার খুব খারাপ লাগছিল। আমি এখনো ওর (শ্রীশান্তের) মেয়ের কাছে ক্ষমা চাই।’
আশউইনের এ অনুষ্ঠানের মাধ্যমে ওই ঘটনার জন্য আবারও শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়েছেন হারভাজান।