বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের শাহিন আফ্রিদির শোক

উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে আকস্মিক এক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর এসেছে। বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭১ জন। হৃদয়বিদারক এই ঘটনা শোকের ছায়া বয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একাধিক ফেডারেশন থেকে ধরে ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসরা এই ঘটনায় শোক জানিয়েছেন। হৃদয়বিদারক এই ঘটনা রেশ বিশ্ব ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

সামাজিক যোগাযযোগ মাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক টুইট বার্তায় বাংলাদেশের এই দুর্ঘটনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আফ্রিদি। টুইট বার্তায় আফ্রিদি লেখেন,  ‘হৃদয়বিদারক এবং মর্মান্তিক। বাংলাদেশ বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ঘটুক এবং তাদের শক্তি কামনা করছি।’

আজ এই দুর্ঘটনা বর্ণনা দিয়ে আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন বিমানে একমাত্র ব্যক্তি।