টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান রুটের 

এক সেঞ্চুরির পথে তিন কিংবদন্তিকে পার, সামনে শুধু টেন্ডুলকার

ম্যানচেস্টারে ইতিহাসের হাতছানি ছিল একাধিক। নিজের ১৫৭তম টেস্ট খেলতে নামার আগে জো রুটের সামনে তিনজন কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অবশেষে আজ ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে টপকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হয়েছেন জো রুট। 

ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগে টেস্টে রুটের নামের পাশে ছিল ১৩২৫৯ রান। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় তখনো তাঁর নাম পাঁচ নম্বরে। ৩১ রান দূরে ছিলেন রাহুল দ্রাবিড়, ৩২ রান দূরে জ্যাক ক্যালিস। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং ছিল ১২০ রান দূরে। 

ম্যানচেস্টার টেস্টের আজ তৃতীয় দিনে একে একে সবাইকে টপকে যান জো রুট। ক্যারিয়ারের ৩৮তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে যান ইংলিশ এই ব্যাটসম্যান। দিনের দ্বিতীয় সেশনের শেষ দিকে, ইংল্যান্ড ইনিংসের ১০১তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়েই টপকে যান রিকি পন্টিংয়ের ১৩,৩৭৮ রান। 

ইতিহাসের পাতায় দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক এখন জো রুট। তাঁর সামনে আছে কেবল ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ২০০ টেস্ট খেলা শচীন ১৫৯২১ রান করে টেস্টের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। অনেকেই ধারণা করছেন, ১৫৭ টেস্ট খেলা রুট শচীনকে টপকে যেতে পারেন। ৩৪ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান সেটি পারবেন কি না সময়ই তা বলে দেবে। 

তবে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হওয়ার দিনে রুট আরও একাধিক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। ভারতের বিপক্ষে ঘরের মাঠে এটি রুটের নবম টেস্ট সেঞ্চুরি - যা ঘরের মাঠে কোনো ব্যাটসম্যানের জন্য নির্দিষ্ট প্রতিপক্ষের সঙ্গে সর্বোচ্চ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ৮টি টেস্ট সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। 

রুটের ৩৮ সেঞ্চুরি টেস্টের ইতিহাসে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ। লঙ্কান কুমারা সাঙ্গাকারা নামের পাশেও ৩৮টি টেস্ট সেঞ্চুরি আছে। ৪১টি সেঞ্চুরি নিয়ে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক রিকি পন্টিং, দ্বিতীয় সর্বোচ্চ জ্যাক ক্যালিস ৪৫টি এবং সবার শীর্ষে শচীন টেন্ডুলকার ৫১টি। 

৫১.২৬ গড়ে টেস্টে রান করা জো রুট ২০২১ সাল থেকে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক, সংখ্যাটাও চোখ কপালে তোলার মতো- ২১টি। ২০২১ সালের পর সবচেয়ে বেশি সেঞ্চুরি করাদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা স্টিভেন স্মিথের নামের পাশে মাত্র ১০টি সেঞ্চুরি। 

নিজের ফিটনেস ও ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে রুট সাদা পোশাকে অনন্য এক ইতিহাসই গড়তে পারেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যানচেস্টার টেস্টে ১৫০ রান করে রবীন্দ্র জাদেজার বলে স্টাম্পড আউট হয়ে ফিরেছেন রুট। আর ইংল্যান্ড? প্রথম ইনিংসে ৩৫৮ রান করা ভারতকে নাকানিচুবানি খাওয়াচ্ছে। গতকালই দুই ওপেনার জ্যাক ক্রলি (৮৪) ও বেন ডাকেট (৯৪) ফিফটি করেছিলেন, আজ রুটের সেঞ্চুরির পাশাপাশি ওলি পোপ (৭১) আর অধিনায়ক বেন স্টোকসের (৬৬-রিটায়ার্ড হার্ট) ফিফটিতে এরই মধ্যে ইংল্যান্ডের রান ৫ উইকেটে ৪৯৯।