তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, পুলিশের তদন্তের অপেক্ষা বিসিবির

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ডানহাতি এই পেসারের বিরুদ্ধে তাঁরই বাল্যবন্ধুর গায়ে হাত তোলার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।

গতকাল রাতে মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। নিজের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ নিয়ে বিসিবির কাছে মুখ খুলেছেন তাসকিন। ডানহাতি এই পেসার এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। 

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন এ তথ্য।

তাসকিনের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন,  ‘আমরা তো মিডিয়াতে দেখেছি এটা। দোষী প্রমাণিত হওয়ার আগে আমরা তো তাঁকে কিছু বলতে পারছি না। আমরা এটা এখন পর্যবেক্ষণ করছি। তাসকিনের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাসকিন বলেছে এটার মধ্যে সে জড়িত ছিল না। এটা ফলস ইনফরমেশন।’

মারধরের এই অভিযোগ থানা পর্যন্ত গড়িয়ে যাওয়ায় বিসিবি এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। পুলিশের তদন্ত শেষ হওয়া পর্যন্ত বিসিবি অপেক্ষা করতে চায় জানিয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘যেহেতু এটা ক্রিকেট বোর্ডের বাইরে, এটার জিডি হয়েছে ওকেই প্রমাণ করতে হবে যে ও জড়িত ছিল না। আমাদের তো প্রমাণ করার কিছু নাই। আমরা এখন দেখব এই ঘটনা সত্য কি সত্য না। এটা যেহেতু পুলিশের কাছে চলে গেছে, থানা বলবে ঘটনাটা কি- ওরা তো তদন্ত করবে। আমরা এটার(তদন্ত) জন্য অপেক্ষা করব।’