সৌম্য দলে ফিরলেও পড়লেন ঝামেলায়

এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা সুপার ফোরে থামলেও এখনও সংযুক্ত আরব আমিরাতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অবশ্য জাকের আলী-তানজিদ হাসান তামিমরা দেশে ফিরবেই বা কীভাবে? আগামীকাল থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর সবগুলো ম্যাচই হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে।

বাংলাদেশের এশিয়া কাপের দলটাই খেলবে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। পরিবর্তন বলতে, চোটে থাকা অধিনায়ক লিটন দাসের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন সৌম্য সরকার। ফের দেশের জার্সি গায়ে তোলার সুযোগ পেলেও ভিসা জটিলতায় এখনো দলের সঙ্গেই যোগ দিতে পারেননি সৌম্য। এ কারণে সিরিজের শুরুতে বাঁহাতি ব্যাটসম্যানকে নাও দেখা যেতে পারে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘এখনও ও (সৌম্য) ভিসা পায়নি। আমরা অপেক্ষায় আছি। আগামীকাল যদি ভিসা পাওয়া যায়, তবে দ্রুতই ও (দলের সঙ্গে যোগ দিতে) উড়াল দেবে।’

ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভিসা পেতে সৌম্যকে তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে আগামীকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাঁহাতি এ ব্যাটসম্যানকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ অক্টোবর।