২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের পর থেকে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আর কোনো ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। সাতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপে টানা ১৫ ম্যাচের জয়রথ থামিয়ে গতকাল ইতিহাস গড়ে জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার দেয়া ৩৩৯ রানের পাহাড়ের জবাবে মেয়েদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে ৫ উইকেটে জিতেছে হারমানপ্রীত কৌরের দল। শুধু ইতিহাসই গড়েনি ভারতের মেয়েরা, বিশ্বকাপের ইতিহাসে পুরুষ ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এটিই নকআউট ম্যাচে ৩০০+ রানের অধিক তাড়া করে জয়ের প্রথম কীর্তি।
বিশ্বকাপের সেমিফাইনালের আগে গ্রুপ পর্বের ম্যাচে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা ভারতের বিপক্ষে গড়েছিল অস্ট্রেলিয়া। ভারতের করা ৩৩০ রান ৬ বল হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল অ্যালিসা হিলির দল।
সেই রেকর্ড গতকাল জেমিমা রদ্রিগেজের অপরাজিত ১২৭ রানের ইনিংসে ভেঙেছে ভারত। অস্ট্রেলিয়ার করা ৩৩৮ রানের লক্ষ্য ৯ বল ও ৫ উইকেটে হাতে রেখে জিতে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।
লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি ভারতের। পাওয়ার প্লেতের দুই ওপেনারকে হারায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম ম্যাচ খেলতে নামা শেফালি ভার্মা মাত্র ১০ রানে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। এরপর জেমিমা রদ্রিগেসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন স্মৃতি মান্ধানা। তবে এই বাঁহাতিও বেশিক্ষণ টিকতে পারেননি, ফিরেছেন ২৪ রানে। দলীয় ৫৯ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
তবে তৃতীয় উইকেটে জুটি বাঁধেন জেমিমা রদ্রিগেস ও হারমানপ্রীত কৌর। এই দুজনে মিলে অস্ট্রেলিয়ার বোলারদের যেমন সামলেছেন তেমন রানের গতিও ঠিক রেখেছেন। ভারতের ইনিংসের মাঝ পথে বৃষ্টির শঙ্কায় ম্যাচে বিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ১৬তম ওভারের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ থামানোর পরিস্থিতি দেখা যায়নি।
রদ্রিগেস-কৌরের জুটি থেকে আসে ১৬৭ রান। ৩৬তম ওভারে ৮৮ বলে ৮৯ রান করে ভারতীয় অধিনায়ক যখন ফিরছিলেন তখন ৮৮ বলে প্রয়োজন ১১৩ রান।
ক্রিজে থাকা জেমিমা রদ্রিগেসই তখন ভারতের এক মাত্র ভরসা ছিলেন। যদিও ব্যক্তিগত ৮২ রানের সময় রদ্রিগেসের সহজ ক্যাচ ফেলে দেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার আলিসা হিলি। জীবন পেয়েই নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেলেন এই ডানহাতি ব্যাটার।
সেঞ্চুরি তো করেছেনই দলকে ৯ বল আগেই ম্যাচ জিতিয়েছেন। ১৩৪ বলে ১২৭ রানের ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১৪টি চার। অধিনায়ক কৌরের বিদায়ের পর রদ্রিগেস এক প্রান্ত আগলে রেখেছেন। তাঁকে যথেষ্ট সঙ্গ দিয়েছেন দিপ্তি শর্মা (১৭ বলে ২৪ রান) ও রিচা ঘোষ (১৬ বলে ২৬ রান)।
এর আগে টস জিতে ব্যাট করে ফিবি লিচফিল্ডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া গড়ে ৩৩৮ রানের পাহাড়সম স্কোর। ওপেনার ফিবি লিচফিল্ড খেলেন ১১৯ রানের দৃষ্টিনন্দন ইনিংস, সঙ্গে এলিস পেরির ৭৭ ও অ্যাশ গার্ডনারের ৬৩ রানের ইনিংসে মেয়েদের বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে সবচেয়ে বেশি রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।
প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। ফলে এবারের বিশ্বকাপে যে দলই চ্যাম্পিয়ন তকমা পাবে সেটিই হবে তাদের প্রথম বিশ্বকাপ।