রেকর্ডের পর রেকর্ড ভেঙেছে ভারত

১৯৭৩ সাল থেকে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড এই দুই দলের কেউ না কেউ খেলেছে। তবে এবার দীর্ঘ ৫২ বছর পর ব্যতিক্রম বিশ্বকাপ ফাইনালের দেখা মিলছে। বিশ্বকাপের সেমিফাইনালেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলের বিদায় নিশ্চিত হয়েছে। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ইতিহাস গড়ে হারিয়েছে ভারতের মেয়েরা। 

অস্ট্রেলিয়ার দেয়া ৩৩৯ রানের লক্ষ্য তাড়ায় মেয়েদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ভারত। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে জেমিমা রদ্রিগেসের ১২৭* রানের ইনিংসে ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে জিতেছে ভারত। 

হারমানপ্রীত কৌরদের ফাইনাল নিশ্চিতের ম্যাচে একাধিক রেকর্ডের দেখা মিলেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেসব রেকর্ড:

৩৩৯ —ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ভারতের লক্ষ্য ছিল ৩৩৯ রান। এটি মেয়েদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ৩৩১ রানের, যা এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে করেছিল।

মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ভারতের আগের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ডটি ছিল ২৬৫ রানের, ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে কখনও বিশ্বকাপে ২০০-এর বেশি রান তাড়া করে জিতেনি হারমানপ্রীতরা।

জয়ের আনন্দে আমানজোত কৌর ও জেমিমা রদ্রিগেস। ছবি: আইসিসি
১৫ — মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড ছিল সেমিফাইনালের আগ পর্যন্ত। যা গতকাল ভারত ভেঙেছে, অ্যালিসা হিলিদের বিশ্বকাপে এর আগে হারটাও এসেছিল ভারতের বিপক্ষে, ২০১৭ সালের সেমিফাইনালে। এটি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে যে কোনো দলের যৌথভাবে সর্বোচ্চ জয়ের ধারা, যা ১৯৯৩ থেকে ২০০০ সালের মধ্যে অস্ট্রেলিয়ার আগের ১৫ ম্যাচ জয়ের রেকর্ডের সমান।

৩৪১/৫ — অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় গতকাল ভারতের স্কোর দাঁড়ায় ৩৪১/৫। এটি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত সপ্তাহে গ্রুপ পর্বের ম্যাচে নাভি মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান করেছিল ভারত, যা এতদিন ছিল বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রান। 

এছাড়াও এটি মেয়েদের ওয়ানডে-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ সংগ্রহ (৩৬৯ রান) ভারতই করেছিল, বিশ্বকাপের আগে গত মাসে দিল্লিতে দ্বিপাক্ষিক সিরিজে। 


৬৭৯ — নাভি মুম্বাইয়ে বৃহস্পতিবারের ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার মোট রান ৬৭৯, যা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দুই দলের সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল ২০১৭ সালে ব্রিস্টলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৬৭৮ রান।

এছাড়াও ৬৭৯ রান মেয়েদের ওয়ানডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, শীর্ষে রয়েছে গত মাসে দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া ৭৮১ রানের ম্যাচ।


— নকআউট ম্যাচে (পুরুষ ও নারী উভয়) ৩০০+ রানের সফল রান তাড়ার সংখ্যা এখন তিনটি। আগের দুটি ছিল পুরুষদের ওয়ানডেতে ভারতীয় দলের — ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে ৩১৫ রান (ত্রিদেশীয় সেই সিরিজ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল)  এবং ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৬ রান।


১২৭ (জেমিমা রদ্রিগেস)* — অস্ট্রেলিয়ার বিপক্ষে জেমিমা রদ্রিগেসের অপরাজিত ১২৭ রান ভারতের হয়ে রান তাড়ায় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে রেকর্ডটি ছিল স্মৃতি মান্ধানার (১২৫ রান), যা এই বাঁহাতি অস্ট্রেলিয়ার বিপক্ষেই গত মাসে দিল্লিতে করেছিলেন।

জয়ের পর আনন্দে ভাসেন স্মৃতি মান্ধানা ও ম্যাচ সেরা জেমিমা রদ্রিগেস। ছবি: আইসিসি

১৬৭ — তৃতীয় উইকেটে রদ্রিগেস ও হারমানপ্রীত কৌরের জুটি ১৬৭ রান করেন — মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো জুটির মধ্যে এটি সর্বোচ্চ। এছাড়া এটি মেয়েদের ওয়ানডে-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ জুটি এবং তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি।

— মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের নকআউট ম্যাচে হারমানপ্রীতের এটি ছিল টানা তৃতীয় ফিফটি-প্লাস ইনিংস। এই দিক থেকে তিনি দ্বিতীয় স্থানে আছেন — তার ওপরে কেবল অস্ট্রেলিয়ার সাবেক তারকা বেলিন্ডা ক্লার্ক, যার নামের পাশে চারটি ফিফটি-প্লাস ইনিংস।

এই তিনটি ম্যাচে হারমানপ্রীত মোট ৩১১ রান করেছেন, যা মেয়েদের বিশ্বকাপের নকআউট পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ — ক্লার্কের ৩৩০ রান সর্বোচ্চ।

৭৭  — ফিবি লিচফিল্ড ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মাত্র ৭৭ বলে, যা মেয়েদের ওয়ানডে ইতিহাসে কোনো নকআউট ম্যাচে দ্রুততম সেঞ্চুরি। আগের রেকর্ড ছিল ৯০ বলে — ২০১৭ সালের সেমিফাইনালে হারমানপ্রীতের এবং ২০২২ সালের ফাইনালে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্টের।

এছাড়াও অস্ট্রেলিয়ার ওপেনার লিচফিল্ড মেয়েদের ওয়ানডেতে নকআউট ম্যাচে শতক করা সবচেয়ে কনিষ্ঠ ব্যাটার।

২৩.৩ ওভার — সেমিফাইনালে অস্ট্রেলিয়ার স্পিনাররা কোনো উইকেট না নিয়ে মোট ২৩.৩ ওভার বল করেন এবং ১৫৭ রান দেন। এটি মেয়েদের ওয়ানডের ইতিহাসে কোনো দলের স্পিনারদের সর্বাধিক উইকেটবিহীন ওভার। আগের রেকর্ড ছিল ২০১২ সালে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্পিনারদের ২৩ ওভার।

আগামী ২ নভেম্বর ফাইনালে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।