বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ চিটাগং কিংসের

গতকাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিদের কাছে তাদের বিপিএল পরিকল্পনাসহ আরও বিভিন্ন বিষয়ে স্পষ্টভাবে জানতে চেয়েছে। তবে বিসিবির সেই পরিচিতি সভায় চিটাগং কিংসকে আমন্ত্রণ না জানানোয় গুরুতর অভিযোগ তুলেছে ফ্র্যাঞ্চাইজিটি।  

বিসিবি আদালত অবমাননা করেছে বলে অভিযোগ তুলেছে গেল বিপিএলের রানার্সআপ চিটাগং কিংস। বিপিএলের আগামী আসরের ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আবেদন করেছে ১১টি প্রতিষ্ঠান। 

তবে গতকাল বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) বৈঠকে বিসিবির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ছিল না চিটাগং কিংসের জন্য আবেদন করা এসকিউ স্পোর্টস। গত বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার একাধিক অভিযোগ থাকা চিটাগং ফ্র্যাঞ্চাইজিটি এবারও দল পেতে আবেদন করেছে।

বিসিবির বৈঠকে ডাক না পেয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছে চিটাগং কিংস। 

ফ্র্যাঞ্চাইজিটি বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী সকল ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে একটি পরিচিতি সভার আয়োজন করে। তবে উক্ত সভা থেকে অন্যায়ভাবে চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেওয়া হয়। বিসিবির পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে যে, এস কিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লি. নির্ধারিত ফ্র্যাঞ্চাইজি ফি’র পে-অর্ডার জমা দেয়নি, তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু এই বক্তব্য বাস্তবতার পরিপন্থী।’ 

চিটাগং কিংস বিসিবির এক পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও লিখেছে, ‘এস কিউ স্পোর্টস ইতোমধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠুর সঙ্গে আলোচনা করেছে যে, পূর্ববর্তী বিরোধ নিষ্পত্তির পর ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেওয়া হবে। এ ছাড়া এস কিউ স্পোর্টস আনুষ্ঠানিকভাবে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল বরাবর একটি পত্র এবং হাইকোর্টের আদেশ প্রেরণ করেছে, যেখানে আদালতের নির্দেশনা অনুযায়ী ফি জমা সংক্রান্ত অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে।’ 

এই ঘটনার প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি আরও জানিয়েছে, ‘আমরা সর্বদা বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে সম্মান করে এসেছি। তবে চলমান আইনি প্রক্রিয়া উপেক্ষা করে আদালতের আদেশ অমান্য করা অন্যায় ও বেআইনি।’ 

বিপিএলের সঙ্গে চট্টগ্রাম কিংসের বিরোধ মূলত বকেয়া অর্থ নিয়ে। বিপিএলের প্রথম দুই আসরে অংশ নিয়েছিল চিটাগং কিংস। সেই দুই আসরে অনেক অভিযোগ ও বিতর্কের জন্ম দেওয়া এই ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেয় বিসিবি। সেসময় ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রেখেছিল চিটাগং। সেই পারিশ্রমিক পরিশোধ করেছিল বিসিবি। প্রথম দুই আসরের পাওনার সঙ্গে ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সুদের অর্থ যোগ করে পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি টাকা। সেই টাকা পেতে বিসিবির পক্ষ থেকে আইনি নোটিশও দেওয়া হয়েছিল।