প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জিতেছে ভারত। গতকাল সাউথ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা নিজেদের করেছেন হারমানপ্রীত কৌররা। মেয়েদের ক্রিকেট ইতিহাসে ভারতের সবচেয়ে বড় অর্জনের পর এবার ক্রিকেটাররা কোটিপতি হচ্ছেন। বিশ্ব চ্যাম্পিয়ন হারমানপ্রীতদের পকেটে আসতে যাচ্ছে ১২৬ কোটি টাকা।
প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আইসিসি ও বিসিসিআই থেকে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে ভারতের মেয়েরা। আইসিসির ঘোষিত প্রাইজমানি অনুযায়ী বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকারও বেশি।
শুধু আইসিসি থেকে নয় নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকেই সবচেয়ে বড় পুরস্কার পাচ্ছে শেফালি ভার্মারা। ভারতের বিশ্বকাপ জয়ের পর মেয়েদের জন্য ৫১ কোটি রূপি পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকার বেশি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে অর্থ পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইসিসি থেকে শুধু চ্যাম্পিয়ন হিসেবেই প্রাইজমানি পেয়ে থামছে না ভারত। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জয়ের জন্য উইনিং বোনাসও পাচ্ছে দলটি। আইসিসির ঘোষিত প্রাইজমানি অনুযায়ী গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য ভারত পাচ্ছে ৩৪ হাজার ৩১৪ ডলার। গ্রুপ পর্বের ৩ ম্যাচ জেতায় আরও ১ লাখ ২ হাজার ৯৪২ ডলার পাচ্ছে ভারত। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকার বেশি।
সব মিলিয়ে আইসিসি ও বিসিসিআই থেকে ১২৬ কোটি টাকার বেশি অর্থ পাচ্ছেন হারমানপ্রীতরা। গত টুর্নামেন্টের তুলনায় এবার আইসিসি প্রায় সাড়ে ৩ গুণ বেশি প্রাইজমানি দিয়েছে। ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা।
এদিকে ফাইনাল হারা সাউথ আফ্রিকা আইসিসি থেকে রানার্সআপ হিসেবে পাচ্ছে ২২ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৫ কোটি টাকারও বেশি।