বিশ্বকাপের পরের চিত্র

ভারত আনন্দে মত্ত, পাকিস্তান অদলবদলে ব্যস্ত

দুদিন আগেই মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এবারের মিশনটা ভালো যায়নি। ৭ ম্যাচের একটিতেও জয়ের মুখ না দেখা ফাতিমা সানাদের নিয়ে এবার কঠিন পথে হাঁটতে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

বিশ্বকাপ শেষ হতেই দলে ব্যাপক রদবদল আসবে এমন গুঞ্জন ছিল। এসবের মাঝে হেড কোচ মোহাম্মদ ওয়াসিমকেই সরিয়ে দিয়েছে পিসিবি। গত রোববার বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার পর দিনই এক বিবৃতিতে ওয়াসিমের চাকরি না থাকার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

৮ দলের বিশ্বকাপে ৭ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি পাকিস্তানের মেয়েরা। ৪ ম্যাচে হারের মুখ দেখা ফাতিমা সানার দলের তিন ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হওয়া আট দলের বিশ্বকাপে পাকিস্তান শেষ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। 

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ শেষ হতেই ওয়াসিমের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে চুক্তি নবায়ন না করে নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবেক টেস্ট ক্রিকেটার ও পুরুষ দলের প্রাক্তন প্রধান নির্বাচক ওয়াসিম গত বছর মেয়েদের কোচ হিসেবে নিয়োগ পান। তার অধীনে পাকিস্তান এশিয়া কাপের সেমিফাইনাল খেলেছিল এবং চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বেই ছিটকে যায় দল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বোর্ডের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পিসিবি একজন বিদেশি কোচ খুঁজছে। তবে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাবেক অধিনায়ক বিসমা মারুফকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

সূত্রটি আরও জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই দলের সাপোর্ট স্টাফদের মধ্যেও পরিবর্তন আনা হবে।